প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের দেওয়া বক্তব্য প্রত্যাহারের জন্য আহ্বান জানিয়েছে। ছাত্রসংগঠনটির পক্ষ থেকে ফুয়াদকে ক্ষমা চাওয়ার আহ্বানও জানানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ আহ্বান জানান।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ব্যারিস্টার ফুয়াদের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছে। এই বক্তব্যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাসঙ্গিকতা, শিক্ষার মান এবং শিক্ষকদের আদর্শিক অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেছেন। বক্তব্যে তিনি প্রশ্ন তুলে ধরেছেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে সচল থাকার কোনো প্রয়োজন আছে কি না।
ছাত্রদল ফুয়াদের বক্তব্যকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আক্রোশ হিসেবে দাবি করেছে। ওই পোস্টে বলা হয়েছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাসের যেসব বাঁকে বাংলাদেশের পক্ষে অবদান রেখেছে, সেই বাঁকে ফুয়াদ সাহেবের পছন্দের সংগঠন জামায়াতে ইসলামী বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে।
১৯৪৭-এর দেশভাগ, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১-এর মহান স্বাধীনতাযুদ্ধ ও বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম, ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন—এই সমস্ত ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাসের ঠিক প্রান্তে ছিল বলে দাবি করেছে ছাত্রদল। সংগঠনের সাধারণ সম্পাদক নাছির মন্তব্য করেন, 'ফুয়াদ সাহেবের প্রিয় জামায়াতে ইসলামী ছিল দেশ ও জনগণের বিপক্ষে, ইতিহাসের ভুল প্রান্তে। এই ভুলের গ্লানি ও ক্ষোভ ফুয়াদ সাহেবরা মননে লালন করেন।'
ঢাবি নিয়ে ব্যারিস্টার ফুয়াদের এই বক্তব্যকে নাছির ঔদ্ধত্যপূর্ণ এবং ইতিহাসের ভুল ব্যাখ্যা হিসেবে উল্লেখ করেছেন। ছাত্রদল দাবি করছে, ফুয়াদের এই বক্তব্যের মাধ্যমে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাসকে কলঙ্কিত করার অপচেষ্টা করছেন। সুতরাং, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে অবমাননাকর ও অসত্য বক্তব্য দেওয়ার জন্য তাকে অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে এবং অতিদ্রুত তাকে তার বক্তব্য প্রত্যাহার করে নিতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন