প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে যে, এলাহাবাদ হাইকোর্টের দ্বারা প্রদত্ত বিতর্কিত রায়, যেখানে বলা হয়েছে ‘হিজাব পরা ইসলামের কোনো অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয়’, তা আইনি নজির হিসেবে গণ্য করা যাবে না। এই নির্দেশনা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি পিটিশনের পরিপ্রেক্ষিতে নোটিশ জারি করার সময় প্রদান করা হয়।
সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ, বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির সমন্বয়ে গঠিত, গত ২০ নভেম্বর এই আদেশ দেন। ‘মুসলিম উইমেন’স স্টাডি সার্কেল’ নামক একটি সংগঠন এলাহাবাদ হাইকোর্টের ২০২৬ সালের ২১ আগস্টের রায়কে চ্যালেঞ্জ করে এই পিটিশনটি দায়ের করেছিল। সুপ্রিম কোর্ট এই আবেদনের সাথে কর্ণাটকের হিজাব বিতর্ক-সংক্রান্ত বিচারাধীন আপিলগুলোর সংযোগ স্থাপনের নির্দেশ দিয়েছেন।
আইনি সংবাদমাধ্যম ‘লাইভ ল’-এর রিপোর্ট অনুযায়ী, সুপ্রিম কোর্টের বেঞ্চ বিশেষভাবে নির্দেশ দিয়েছে যে, এই মামলাটি ‘সিভিল আপিল নং ৭০৯৫/২০২২’-এর সাথে যুক্ত হবে এবং এলাহাবাদ হাইকোর্টের রায়টি কোনো নজির হিসেবে গণ্য হবে না। আদালত এই পিটিশনের বিষয়ে উত্তরপ্রদেশ সরকারের বক্তব্যও জানতে চেয়েছে।
মামলাটির সূত্রপাত ঘটে সুকাইনা রিজভী নামক এক মুসলিম ছাত্রীকে ঘিরে। প্রয়াগরাজের ‘টেগোর পাবলিক স্কুল’ কর্তৃপক্ষ স্কুল ইউনিফর্মের সাথে মাথায় স্কার্ফ বা হিজাব পরার কারণে তাকে একাদশ শ্রেণিতে ভর্তি নিতে অস্বীকৃতি জানালে তিনি এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন।
গত ২১ আগস্ট বিচারপতি জে জে মুনির এবং বিচারপতি ইন্দ্রজিৎ শুক্লার সমন্বয়ে গঠিত এলাহাবাদ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ সুকাইনার আবেদনটি খারিজ করে দেন। হাইকোর্ট তখন বলেছিলেন, হিজাব পরা যে ইসলামের একটি অপরিহার্য ধর্মীয় অনুশীলন, তা প্রমাণিত হয়নি এবং কোনো মুসলিম নারী বা মেয়ে হিজাব না পরলে তিনি মুসলিম থাকবেন না—এমন কোনো তথ্য-প্রমাণও আদালতের সামনে উপস্থাপন করা হয়নি।
হাইকোর্ট আরও উল্লেখ করেছে, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও স্বকীয়তা বজায় রাখার উদ্দেশ্যে নির্ধারিত পোশাকবিধি (ড্রেস কোড) যদি অভিন্ন, সৎ উদ্দেশ্যপ্রণোদিত এবং বৈষম্যহীন হয়, তবে শিক্ষার্থীরা সেই নির্ধারিত ইউনিফর্মের সাথে অতিরিক্ত কোনো পোশাক যোগ করার জন্য জোর করতে পারে না।
পিটিশনে যা বলা হয়েছে
হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে ‘মুসলিম উইমেন’স স্টাডি সার্কেল’ যুক্তি দিয়েছে যে, রায়টি স্বেচ্ছাচারী ও বৈষম্যমূলক এবং এটি ভারতীয় সংবিধানের ১৪, ১৫, ১৯(১)(ক), ২১ এবং ২৫ নম্বর অনুচ্ছেদে প্রদত্ত মৌলিক অধিকারের পরিপন্থী।
পিটিশনে বলা হয়েছে, মুসলিম নারীদের হিজাব পরায় বাধা দেওয়া তাদের বিবেক ও ধর্মীয় স্বাধীনতাকে ক্ষুণ্ন করে এবং শিক্ষার সুযোগকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। এছাড়া শিখদের পাগড়িসহ অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের প্রতীকের ক্ষেত্রে যে ভিন্ন আচরণ করা হয়, পিটিশনে সে বিষয়েও প্রশ্ন তোলা হয়েছে।
আবেদনকারীরা যুক্তি দিয়েছেন যে, হিজাব পরার বিধানটি পবিত্র কোরআনের নির্দেশনার (বিশেষ করে সূরা আন-নূর, আয়াত ৩১ এবং সূরা আল-আহজাব, আয়াত ৫৯) ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। হাইকোর্ট ‘অপরিহার্য ধর্মীয় অনুশীলন’ নীতির যে প্রয়োগ ঘটিয়েছেন, পিটিশনে সেটিকেও চ্যালেঞ্জ করা হয়েছে। এতে বলা হয়েছে, কোনো ধর্মীয় সম্প্রদায়ের কিছু সদস্য কোনো একটি প্রথা পালন না করলেই সেটিকে ‘অপরিহার্য নয়’ বলে ঘোষণা করা যায় না।
আন্তরিক ধর্মীয় বিশ্বাস এবং ব্যক্তিগত বিবেকের প্রতি আদালতকে যথাযথ গুরুত্ব দিতে হবে—এই যুক্তির সপক্ষে পিটিশনে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী ‘শিরুর মঠ’ এবং ‘বিজো ইমানুয়েল বনাম কেরালা রাজ্য’ মামলার রায়ের উদ্ধৃতিও দেওয়া হয়েছে।
ভারতের সুপ্রিম কোর্ট এই পিটিশনটিকে কর্ণাটক হিজাব বিতর্ক-সংক্রান্ত আপিলগুলোর সাথে যুক্ত করেছেন, যে মামলায় ২০২২ সালের অক্টোবরে শীর্ষ আদালত বিভক্ত রায় দিয়েছিলেন।
সে সময় বিচারপতি হেমন্ত গুপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা কর্ণাটক হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলগুলো খারিজ করে দিয়েছিলেন। অন্যদিকে, বিচারপতি সুধাংশু ধুলিয়া আপিলগুলো মঞ্জুর করে রায় দিয়েছিলেন যে, স্কুল ও কলেজে হিজাব বা স্কার্ফ পরার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকা উচিত নয়।
পরবর্তীতে মামলাটি সুপ্রিম কোর্টের একটি বৃহত্তর বেঞ্চে পাঠানো হয় এবং তা এখনো বিচারাধীন রয়েছে। এলাহাবাদের মামলাটিকে কর্ণাটকের আপিলগুলোর সাথে যুক্ত করার মাধ্যমে সুপ্রিম কোর্ট ধর্মীয় স্বাধীনতা, প্রাতিষ্ঠানিক পোশাকবিধি এবং শিক্ষার অধিকারের মতো বৃহত্তর সাংবিধানিক প্রশ্নগুলোকে একই সূত্রে গেঁথে দিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন