প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের বসন্তপুর গ্রাম যেন এখনো আদিযুগের নিয়মেই চলছে। সরকারি রাস্তা দখল করে গরুর ঘর, রান্নাঘর ও বাথরুমের ট্যাংকি নির্মাণ, কবরস্থান বেদখল এবং সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বর্ষা মৌসুমে গ্রামবাসীর দুর্ভোগ চরমে ওঠে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিটিশ আমলে হাওরের ঢেউ থেকে গ্রামটিকে রক্ষার জন্য একটি বাঁধ ও রাস্তা নির্মাণ করা হয়েছিল। গ্রামের ভেতর দিয়ে বয়ে যাওয়া একমাত্র সেই রাস্তাটিই এখন যে যার সুবিধামতো দখল করে নিচ্ছেন। অভিযোগ রয়েছে, অনেকেই রাস্তার স্ল্যাব উল্টিয়ে নিজেদের খুশিমতো বাড়ির সীমানা (বাউন্ডারি) দিয়েছেন। এমনকি মূল রাস্তার ওপর গরুর ঘর, রান্নাঘর ও বাথরুমের ট্যাংকিও তৈরি করা হয়েছে। পাশাপাশি কবরস্থানও বেদখল হয়ে গেছে এবং এর ওপর দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে বলে দাবি এলাকাবাসীর। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে প্রভাবশালীদের এমন কর্মকাণ্ডে পুরো গ্রামবাসী অসহায় হয়ে পড়েছেন। আধুনিক উন্নয়নের ছোঁয়া যেন আজও পৌঁছায়নি এই গ্রামে।
এদিকে, ২০২৫-২৬ অর্থবছরে লুৎফুর রহমান চেয়ারম্যানের বাড়ি থেকে মসজিদ পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য সরকারি বাজেট বরাদ্দ দেওয়া হয়। তবে অভিযোগ উঠেছে, কাজটি পুরোপুরি শেষ না করে প্রায় ১০০ ফুট জায়গা ফাঁকা রেখেই দায় সেরেছেন সংশ্লিষ্ট ঠিকাদার। স্থানীয়দের ভাষ্য, এতে বড় ধরনের অনিয়ম ও গাফিলতি হয়েছে।
অন্যদিকে, রাস্তার দুই পাশের কিছু পরিবার অবৈধভাবে বাথরুমের ট্যাংকি নির্মাণ করায় সামান্য বৃষ্টিতেই সেই ট্যাংকি উপচে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি রাস্তায় ছড়িয়ে পড়ছে। ফলে এলাকার মুসল্লিদের নিয়মিত নোংরা ও দুর্গন্ধযুক্ত পথ মাড়িয়ে মসজিদে যাতায়াত করতে হচ্ছে।
এমন পরিস্থিতিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সরকারি রাস্তা ও কবরস্থান দখলমুক্ত করা, হাওরের ঢেউ থেকে গ্রামটিকে বাঁচাতে স্থায়ী বাঁধ নির্মাণ এবং ইউনিয়নের নতুন বাজারের সাথে সংযোগ সড়কটি সচল করার দাবিতে বিষ্ণুপুর উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী গ্রামবাসী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন