প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার মাছবাজারের সামনে রিকশায় ফেলে যাওয়া একটি ব্যাগ ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানা পুলিশ। দ্রুত সময়ের মধ্যে হারানো জিনিসপত্র উদ্ধার করে দেওয়ায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী অনিকা আলিফা।
অনিকা আলিফার দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল সকাল ১০টা ৩৬ মিনিটে বরিশাল নগরীর পোর্ট রোড সংলগ্ন মাছবাজারের সামনে রিকশা থেকে নামার সময় অসাবধানতাবশত তাঁর হাতব্যাগটি রিকশার পেছনে রেখে চলে যান তাঁর স্বামী। কিছুক্ষণ পর বিষয়টি বুঝতে পেরে তাঁরা ব্যাগটির সন্ধান শুরু করেন। পরে মাছবাজারের মালিক সমিতির সদস্যদের সহযোগিতায় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন এবং দ্রুত কোতোয়ালি মডেল থানায় যোগাযোগ করেন।
থানায় দায়িত্বরত কর্মকর্তার পরামর্শে তাঁরা অভিযোগ জানান। পরে থানার সেকেন্ড অফিসার মো. মনিরুল ইসলামের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হলে তিনি তাঁদের পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন। পাশাপাশি হারানো জিনিসপত্র উদ্ধারে এসআই মো. আবু তালেবের ওপর দায়িত্ব অর্পণ করেন।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, এ সময় পুলিশের পক্ষ থেকে তাঁদের প্রতি আন্তরিক সহযোগিতা ও মানবিক আচরণ করা হয়। এমনকি এসআই পিকলি তাঁকে ডেকে আর্থিক সহায়তা হিসেবে কিছু টাকা উপহার দেন এবং দুশ্চিন্তা না করার আশ্বাস দেন। পুলিশের এমন মানবিক উদ্যোগে তিনি আবেগাপ্লুত হন।
এরপর আজ দুপুরে কোতোয়ালি মডেল থানার এসআই মো. আবু তালেব, এএসআই আল আমিন ও এএসআই আমিনুলের সমন্বয়ে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে মাত্র আধা ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট রিকশাচালককে শনাক্ত করেন। পরে তাঁর কাছ থেকে ব্যাগটি উদ্ধার করে প্রয়োজনীয় জিনিসপত্রসহ নগদ ১০ হাজার টাকা ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হয়।
নিজের অনুভূতি প্রকাশ করে অনিকা আলিফা বলেন, এত অল্প সময়ের মধ্যে হারানো সবকিছু ফিরে পাবেন, তা তিনি কখনো কল্পনাও করেননি। পুলিশের এমন আন্তরিকতা, দায়িত্বশীলতা ও মানবিক আচরণ তাঁর পুলিশ সম্পর্কে পূর্বের নেতিবাচক ধারণা বদলে দিয়েছে।
তিনি কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার মো. মনিরুল ইসলাম, এসআই মো. আবু তালেব, এএসআই আল আমিন, এএসআই আমিনুল, সাব-ইন্সপেক্টর পিকলিসহ সংশ্লিষ্ট সব পুলিশ সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাশাপাশি পুলিশের এ মানবিক উদ্যোগ ও নিরলস প্রচেষ্টার প্রশংসা করে সংশ্লিষ্ট সদস্যদের সুস্বাস্থ্য, কল্যাণ ও সফলতা কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করেন তিনি।
ভুক্তভোগী অনিকা আলিফা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁর এই বক্তব্যে হারানো সম্পদ উদ্ধারে পুলিশের তৎপরতার পাশাপাশি দায়িত্ব পালনের ক্ষেত্রে মানবিক আচরণের বিষয়টিও উঠে এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন