প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের ধরলা নদী অববাহিকার অবহেলিত এবং নদীভাঙনকবলিত এলাকার শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন ও শিক্ষার প্রসারের লক্ষ্যে উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে নাগেশ্বরী এবং ভূরুঙ্গামারী উপজেলায় পৃথক অনুষ্ঠানের মাধ্যমে মোট ৩৬৮ জন কৃতি শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, মেডেল, ক্রেস্ট, উপহার সামগ্রী এবং সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত এ দুই অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সুধীজনের উপস্থিতিতে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
নাগেশ্বরী উপজেলা প্রশাসন হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে ২৪৩ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে ৮২ জন ট্যালেন্টপুলে এবং ১৬১ জন সাধারণ গ্রেডে প্রাথমিক বৃত্তি অর্জন করেছেন।
উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য ও ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম খোদাদাদ হোসেন এবং ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আজিজুর রহমান সরকার।
একই দিনে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে ১২৫ জন প্রাথমিক ও ইবতেদায়ী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ফুল, মেডেল, ক্রেস্ট, শিক্ষাবৃত্তি এবং উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আজিজুর রহমান সরকার (স্বপন)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আখতারুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, "অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে যাবে না—এই লক্ষ্য নিয়েই উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। শিক্ষা ও মেধা বিকাশে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
অনুষ্ঠানে বক্তারা জানিয়েছেন, সীমান্তবর্তী ও নদীভাঙনকবলিত এলাকার শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং মেধার যথাযথ মূল্যায়নে উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
একই দিনে দুটি উপজেলায় মোট ৩৬৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদানকে কেন্দ্র করে নাগেশ্বরী এবং ভূরুঙ্গামারী অঞ্চলে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন