প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রেমের টানে সিলেটের ওসমানীনগরে এসে বিয়ে করেছেন এক চীনা নাগরিক। এলাকায় চীনা নাগরিকের ধর্ম ও বিয়ে নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণের প্রমাণপত্র দেখিয়ে শ্বশুরবাড়ির লোকজন তাকে বাড়িতে নিয়ে যান।
সোমবার (২ নভেম্বর) রাতে লিও ফাভিন নামের ওই চীনা নাগরিককে ওসমানীনগর থানার পুলিশ হেফাজতে নেয়। পরবর্তীতে ওই রাতেই তাকে মুক্তি দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাদিপুর গ্রামের দিঘিরপাড় এলাকায় জামাল মিয়া পরিবারসহ ভাড়া থাকেন। তিনি পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলার সাহারপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। জামাল মিয়ার মেয়ে ছামিয়া আক্তারের সঙ্গে অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে চীনের জিয়াংসি এলাকার বাসিন্দা লিও ফাভিনের।
সম্পর্কের টানে প্রায় এক সপ্তাহ আগে লিও ছামিয়ার বাড়িতে আসেন। বিষয়টি জানাজানি হলে সোমবার বিকেল থেকে এলাকার উৎসুক জনতা বাড়ির সামনে ভিড় করতে থাকে। তারা চীনা নাগরিককে দেখার পাশাপাশি তার ধর্ম ও বিয়ে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। একপর্যায়ে উত্তেজনা দেখা দিলে রাত ১১টার দিকে পুলিশ এসে লিওকে নিরাপত্তার জন্য হেফাজতে নেয়। পরে শ্বশুরবাড়ির লোকজন লিও’র ধর্মান্তরিত হওয়ার এবং বিয়ের প্রমাণপত্র দেখালে পুলিশ তাকে ছেড়ে দেয়।
লিও ফাভিন জানান, অনলাইনে ছামিয়ার সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের সম্পর্কের সূত্র ধরে তিনি ছামিয়াকে বিয়ে করতে বাংলাদেশে এসেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি নিজের নাম রেখেছেন আব্দুল্লাহ। তিনি আইনি প্রক্রিয়া অনুসরণ করেই ছামিয়াকে বিয়ে করেছেন বলে জানান।
ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা জানান, নিরাপত্তাজনিত কারণে চীনা নাগরিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। পরে ধর্মান্তরিত ও বিয়ের প্রমাণপত্র দেখে শ্বশুরবাড়ির লোকজনের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন