প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি তেল স্থাপনায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ আশপাশের এলাকার বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে দ্রুত বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থাইল্যান্ডের জ্বালানি কোম্পানি ব্যাংচাক করপোরেশন জানায়, অগ্নিকাণ্ডের পর ব্যাংককের ফ্রা খানং তেল শোধনাগারের সব উৎপাদন ইউনিট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, তেল স্থাপনাটি থেকে আকাশের দিকে উঁচু হয়ে আগুনের শিখা উঠছে। পাশাপাশি ঘন কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে ব্যাংককের আকাশ।
বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ব্যাং না জেলা কার্যালয় বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কিছু জানায়নি।
জেলা প্রশাসনের পক্ষ থেকে ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘ব্যাংচাক তেল ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জনসাধারণের নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকার বাসিন্দাদের অবিলম্বে স্থানটি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে।’
ব্যাংককের পূর্বাঞ্চলে অবস্থিত বিস্তৃত এই শিল্প স্থাপনাটি পরিচালনা করে থাইল্যান্ডের জ্বালানি খাতের অন্যতম প্রতিষ্ঠান ব্যাংচাক করপোরেশন।
চিয়াং মাই থেকে আল জাজিরার প্রতিবেদক টনি চেং জানান, স্থানীয় সময় বিকেল ৩টার দিকে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
তিনি বলেন, তেল স্থাপনাটি ব্যাংককের নগরকেন্দ্রের বেশ কাছাকাছি হলেও এলাকাটি তুলনামূলক নির্জন। সেখানে অনেক শিল্পপ্রতিষ্ঠান, গুদাম এবং ব্যাংককের প্রধান সমুদ্রবন্দর অবস্থিত।
টনি চেং আরও জানান, কর্তৃপক্ষের দাবি অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ওই এলাকার মহাসড়ক ও অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
তার মতে, আকাশে ছড়িয়ে পড়া ঘন কালো ধোঁয়ার কারণেই কর্তৃপক্ষ আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করেছে।
তিনি বলেন, গত কয়েক বছরে ওই এলাকায় একাধিক শিল্প দুর্ঘটনার ঘটনা ঘটেছে।
প্রতিবেদন অনুসারে, তেল শোধনাগারটি শুধু ব্যাংকক নয়, থাইল্যান্ডের মধ্যাঞ্চলের একটি বড় অংশে জ্বালানি সরবরাহ করে। দেশটির এই অঞ্চলের জন্য আমদানি করা অধিকাংশ তেলও এ স্থাপনার মাধ্যমে সরবরাহ করা হয়।
বিস্ফোরণে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্য হতে পারে।
সূত্র: আল জাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন