প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে একটি গার্মেন্টসের ওয়েস্টেজ ঝুট ভর্তি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের সমস্ত মালামাল পুড়ে গেছে। ট্রাকচালক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দাবি, এ ঘটনায় প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঘটনাটি ঘটে সোমবার (২৩ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে ফতুল্লার স্টেডিয়াম এলাকার সিএনজি স্ট্যান্ডের সামনে। প্রত্যক্ষদর্শীদের মতে, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ট্রাকটিকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেন।
ট্রাকচালক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে চাঁদনী ট্রান্সপোর্টের পাঁচটি ট্রাকে গার্মেন্টসের ওয়েস্টেজ ঝুট নিয়ে ফতুল্লার স্টেডিয়াম বটতলা এলাকার প্রান্ত এন্টারপ্রাইজের উদ্দেশে রওনা হন চালকরা। রবিবার বিকেল ৪টার দিকে যাত্রা শুরু করে সোমবার ভোর ৪টার দিকে তারা নির্ধারিত এলাকায় পৌঁছান। এরপর স্টেডিয়ামের সামনে লিংক রোডের পাশে পাঁচটি ট্রাক পার্ক করে চালকরা গাড়ির ভেতরে ঘুমিয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি পাঁচটি ট্রাকের মধ্যে একটি ট্রাককে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। মুহূর্তেই ট্রাকটিতে আগুন ধরে যায় এবং দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। আগুন ছড়িয়ে পড়লে পাশের ট্রাকের চালকরা ঘুম থেকে উঠে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
আগুনে পুড়ে যাওয়া ট্রাকের চালক মামুন বলেন, ‘চট্টগ্রাম থেকে চাঁদনী ট্রান্সপোর্টের পাঁচটি ট্রাকে গার্মেন্টসের ওয়েস্টেজ ঝুট নিয়ে ভোর ৪টার দিকে এখানে পৌঁছে গাড়ি পার্ক করে ঘুমিয়ে পড়ি। হঠাৎ আগুন লাগার খবর পেয়ে ঘুম থেকে উঠে নিজের ট্রাকে আগুন জ্বলতে দেখি। অন্য চালকদের সঙ্গে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। আমার ট্রাকে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার মালামাল ছিল।’
অন্য একটি ট্রাকের চালক প্রত্যক্ষদর্শী মো. রিয়াজ জানান, রাতে তারা পাঁচটি ট্রাক সেখানে পার্ক করে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ একটি ট্রাকে আগুন দেখতে পেয়ে দ্রুত ঘুম থেকে উঠে চালক মামুনকে ডাক দেন। এরপর সবাই মিলে নিজেদের গাড়িতে থাকা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় নৈশপ্রহরী কামাল হোসেন বলেন, ‘মোটরসাইকেলে দুই ব্যক্তি সেখানে আসেন। তাদের একজন চলন্ত মোটরসাইকেল থেকে পার্ক করে রাখা ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। সঙ্গে সঙ্গে ট্রাকটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তেই তা পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর কাজ শুরু করেন।’
প্রান্ত এন্টারপ্রাইজের ম্যানেজার মো. মহসিন সরকার জানান, তাদের প্রতিষ্ঠানের জন্য চট্টগ্রাম থেকে পাঁচটি ট্রাকে গার্মেন্টসের ওয়েস্টেজ ঝুট আনা হয়েছিল। চালকরা গাড়ি পার্ক করে ভেতরে ঘুমিয়ে পড়েছিলেন। মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়েছে বলে তিনি জেনেছেন। এতে তার প্রতিষ্ঠানের প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নারায়ণগঞ্জের শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল জানান, ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ট্রাকটিতে গার্মেন্টসের ওয়েস্টেজ ঝুট বোঝাই থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেশি সময় লাগে। একপর্যায়ে গাড়ির পানি শেষ হয়ে গেলে পাশের একটি পুকুর থেকে পানি সংগ্রহ করে পুনরায় আগুন নেভানোর কাজ করা হয়। তবে তদন্তের পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা যাবে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান জানান, জালকুড়ি এলাকায় টহলে থাকার সময় আগুনের খবর পেয়ে দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি ট্রাকে আগুন জ্বলতে দেখা যায়। কারা কী কারণে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, এসআরবি-১১-এর একটি টহল দল সাইনবোর্ড এলাকায় দায়িত্ব পালন করছিল। আগুনের খবর পেয়ে উপসহকারী পরিচালক (ডিএডি) বিপ্লবের নেতৃত্বে দলটি ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে দুজন ব্যক্তি আগুন লাগিয়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে। তবে আগুনের প্রকৃত কারণ এবং এটি পরিকল্পিত নাশকতা কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রাতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তাদের টহল অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন