প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ বাংলা ভাষায় রচিত ‘জলবায়ু নেগোসিয়েশন’ বইয়ের আন্তর্জাতিক মোড়ক উন্মোচন করা হয়েছে। এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি মঙ্গলবার (১৭ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে অনুষ্ঠিত হয়।
বইটি যৌথভাবে রচনা করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান মীর মোহাম্মদ আলী এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের (গেইন) কো-অর্ডিনেটর মেহেদী হাসান বাপ্পী।
এই বইটি আন্তর্জাতিক জলবায়ু আলোচনা, কূটনীতি ও অর্থায়নের জটিল বিষয়গুলো বাংলাভাষী পাঠকদের কাছে সহজভাবে উপস্থাপন করার উদ্দেশ্যে রচিত হয়েছে। এতে জলবায়ু অভিযোজন, প্রশমন, ক্ষয়ক্ষতি এবং বৈশ্বিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের অবস্থান, স্বার্থ ও ন্যায্য দাবির বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক) ড. মো. সাইমুম পারভেজ। এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব ও ইন্টারন্যাশনাল ক্লাইমেট ফাইন্যান্স সেলের (আইসিএফসি) প্রধান এ কে এম সোহেল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ সফিউল্লাহ এবং হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশের হেড অব প্রোগ্রাম (ওয়াটার, ফুড অ্যান্ড ক্লাইমেট) মোহাম্মদ মাহমুদুল হাসানও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গেইনের হেড অব পলিসি ড. মোহাম্মদ মনিরুল হাসান, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক কনভেনশন) মির্জা শওকত আলী, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) এনভায়রনমেন্ট, ক্লাইমেট অ্যান্ড পিপলস ডিভিশনের লিড টেকনিক্যাল স্পেশালিস্ট জাহান-জেব চৌধুরী এবং অস্ট্রেলিয়ার মোনাশ বিজনেস স্কুলের অর্থনীতির অধ্যাপক ড. আসাদুল ইসলামও ছিলেন। এ সময় জলবায়ু বিশেষজ্ঞ, গবেষক ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।
লেখক মীর মোহাম্মদ আলী জানান, বইটির মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক জলবায়ু নেগোসিয়েশন প্রক্রিয়া, জলবায়ু কূটনীতি ও অর্থায়ন সম্পর্কে বাংলাভাষী মানুষের জ্ঞান সমৃদ্ধ করা। তারা আশা প্রকাশ করেন যে, শিক্ষার্থী, গবেষক, নীতিনির্ধারক, তরুণ জলবায়ুকর্মী এবং আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় আগ্রহী ব্যক্তিদের জন্য বইটি সহায়ক হবে।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, বিশ্ব জলবায়ু সম্মেলনের মতো আন্তর্জাতিক মঞ্চে বাংলা ভাষায় রচিত বইয়ের মোড়ক উন্মোচন একটি আনন্দ ও গর্বের বিষয়। জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক আলোচনার জটিল বিষয়গুলো বাংলা ভাষায় সহজবোধ্যভাবে উপস্থাপন করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে জলবায়ু নেগোসিয়েশন বিষয়ে দক্ষ ও সচেতন করে তোলার ক্ষেত্রে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন