প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুফতি মাহমুদ হাসান
মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা নিঃসন্দেহে একটি মহৎ কাজ। তবে, দুঃখজনকভাবে দেখা যাচ্ছে যে, সমাজে বক্তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু গভীর জ্ঞানসম্পন্ন আলেমদের সংখ্যা কমছে। সমস্যাটি বক্তৃতা, ওয়াজ বা কিচ্ছা বলার মধ্যে নয়, বরং তখনই সমস্যা দেখা দেয় যখন বাগ্মিতা, জনপ্রিয়তা ও প্রভাব বিস্তারকে দ্বিনি নেতৃত্বের মাপকাঠি হিসেবে গ্রহণ করা হয়। ইমাম আহমদ (রহ.) বলেছেন, ‘মানুষের একজন সত্যবাদী ওয়ায়েজ কতই না প্রয়োজন! কেননা তাঁরা আখিরাতে হিসাব-কিতাব ও কবরের আজাব সম্পর্কে আলোচনা করে থাকেন।’ (কুতুল কুলূব, আবু তালেব মক্কি : ১/২৬০)
আলেমদের বিদায় এবং অজ্ঞদের উত্থান
রাসুলুল্লাহ (সা.) বহু আগেই এই বিপদের ব্যাপারে সতর্ক করেছেন। তিনি বলেছেন, ‘আল্লাহ মানুষের অন্তর থেকে ইলম টেনে উঠিয়ে নেবেন না; বরং আলেমদের মৃত্যুর মাধ্যমে ইলম উঠিয়ে নেবেন। এমনকি যখন কোনো আলেম অবশিষ্ট রাখবেন না, তখন মানুষ অজ্ঞ লোকদের নেতারূপে গ্রহণ করবে। তাদের কাছে প্রশ্ন করা হবে, আর তারা ইলম ছাড়াই ফতোয়া দেবে। ফলে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অন্যদেরও পথভ্রষ্ট করবে।’ (বুখারি, হাদিস : ১০০; সহিহ মুসলিম : ২৬৭৩)
অন্য একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কিয়ামতের অন্যতম তিনটি নিদর্শনের একটি হলো ছোটদের কাছ থেকে জ্ঞান অন্বেষণ করা হবে।’ [আয-যুহদ, ইবনুল মুবারক (রহ.) পৃ. ৬১]
এখানে ‘ছোট’ বলতে কেবল বয়সে ছোট বোঝানো হচ্ছে না; বরং এমন ব্যক্তিদের বোঝানো হয়েছে, যারা জ্ঞান ও যোগ্যতার দিক থেকে ছোট, যাদের কাছ থেকে দ্বিনের জ্ঞান গ্রহণের যথাযথ যোগ্যতা নেই।
সুন্দর কথা মানেই গভীর জ্ঞান নয়
আরেকটি সমস্যা হলো বক্তৃতার সুর ও সৌন্দর্যকে জ্ঞানের গভীরতার সঙ্গে গুলিয়ে ফেলা। কেউ যদি সুন্দর আবেগঘন কথা বলেন, তাঁর কণ্ঠে মুগ্ধতা থাকে এবং গল্প বলার অসাধারণ দক্ষতা থাকে, তবে তাঁর বক্তব্য লাখো মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন।
কিন্তু, তাঁর কথায় ইলমের দ্যুতি নেই। খলিফা উমর (রা.)-এর সূত্রে রাসুলুল্লাহ (সা.) থেকে বর্ণিত হয়েছে, ‘আমার উম্মতের ব্যাপারে আমি যে বিষয়টির সবচেয়ে বেশি আশঙ্কা করি, তা হলো প্রত্যেক বাগ্মী মুনাফিক।’ (মুসনাদে আহমদ, হাদিস : ১৪৩)
অতএব, বাগ্মিতা ও আবেগ জ্ঞানের বিকল্প নয়। জনপ্রিয়তা কখনোই জ্ঞানের সনদ নয়। অথচ বর্তমান যুগে একজন বক্তাকে মাপা হয় তাঁর ভিডিওর ভিউ, অনুসারীর সংখ্যা, বক্তৃতার ভাইরাল হওয়া—এসবের মাধ্যমে। কিন্তু ইসলামে দ্বিনি নেতৃত্বের মাপকাঠি ভিন্ন। কতজন শুনল তা নয়; বরং কী বললেন এবং কোন জ্ঞানের ভিত্তিতে বললেন সেটিই মূল বিষয়।
সালাফে সালেহিন দ্বিনি জ্ঞান গ্রহণের ক্ষেত্রে ছিলেন অত্যন্ত সতর্ক। বিখ্যাত তাবেঈ মুহাম্মদ ইবনু সিরিন (রহ.)-এর অমর বাণী—‘নিশ্চয়ই এই ইলম দ্বিন। অতএব, তোমরা কার কাছ থেকে তোমাদের দ্বিন গ্রহণ করছ, তা দেখে নাও।’ (মুকাদ্দিমায়ে মুসলিম, পৃষ্ঠা-১৪)
দ্বিনের জ্ঞান শুধুমাত্র তথ্য নয়; এটি মানুষের বিশ্বাস, ইবাদত, আচার-আচরণ এবং জীবনযাত্রার সঙ্গে সম্পর্কিত। তাই যেভাবে আমরা কোনো চিকিৎসার জন্য যোগ্য চিকিৎসকের সন্ধান করি, কোনো স্থাপনা নির্মাণে দক্ষ প্রকৌশলীর পরামর্শ নিই, ঠিক তেমনি দ্বিনের ক্ষেত্রে জ্ঞানী, আমানতদার ও যোগ্য আলেমের কাছে যাওয়া অপরিহার্য।
যখন বক্তা বাড়ে, গভীর জ্ঞানের অধিকারী কমে
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর একটি বর্ণনা নুআইম ইবনে হাম্মাদ স্বীয় গ্রন্থে উল্লেখ করেছেন। সেখানে তিনি ভবিষ্যতের একটি ফিতনার চিত্র তুলে ধরে বলেন, ‘যখন তোমাদের নেতার সংখ্যা বেড়ে যাবে, আমানতদার মানুষের সংখ্যা কমে যাবে, বক্তার সংখ্যা বেড়ে যাবে, ফকিহদের সংখ্যা কমে যাবে। ...’(আল-ফিতান : ১/৪৮ হাদিস : ৬৯)
এই বর্ণনাটি আমাদের বর্তমান বাস্তবতা নিয়ে গভীরভাবে ভাবতে বাধ্য করে। কারণ কোনো সমাজে বক্তৃতার অভাব থাকলে তা সহজেই পূরণ করা যায়; কিন্তু যোগ্য আলেমের অভাব পূরণ করা সহজ নয়। এর অর্থ এই নয় যে সমাজে ওয়ায়েজ বা বক্তার প্রয়োজন নেই; বরং মানুষের হৃদয়কে নরম করা, গুনাহ থেকে সতর্ক করা, আল্লাহ ও আখিরাতের কথা স্মরণ করিয়ে দেওয়া এবং ভালো কাজে উৎসাহিত করার ক্ষেত্রে ওয়াজের গুরুত্ব অপরিসীম। তবে তা হতে হবে কোরআন-সুন্নাহ ও নির্ভরযোগ্য জ্ঞানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
আমাদের করণীয়
আমাদের করণীয় হলো বক্তার ভিড়ে আলেমকে হারিয়ে না ফেলা; আবেগের ভিড়ে জ্ঞানকে বিস্মৃত না হওয়া; আর জনপ্রিয়তার মোহে যোগ্যতার মাপকাঠি বিসর্জন না দেওয়া। কারণ দ্বিন শুধু হৃদয়কে স্পর্শ করার নাম নয়, দ্বিনকে সঠিকভাবে জানা, বোঝা এবং সেই জ্ঞান অনুযায়ী চলার নাম দ্বিন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন