প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার মনোহরগঞ্জে বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির উদ্যোগে মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালাম।
আবুল কালাম এ সময় বলেন, ‘কোনো ধরনের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষকে শান্তিতে থাকতে দিতে হবে। দেশের বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে তা বরদাশত করা হবে না।’
তিনি আরো বলেন, ‘আপা, আপনি আসেন, আমরা পাহারায় আছি। দেশের জনগণকে সঙ্গে নিয়ে সব অপতৎপরতা প্রতিহত করা হবে। সীমান্তসহ সর্বত্র সবাইকে সজাগ থাকতে হবে।’
আবুল কালাম আওয়ামী লীগের গত ১৭ বছরের শাসনামলের সমালোচনা করে বলেন, ওই সময়ে দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি। গুম, খুন, হত্যা, মামলা ও হামলার মাধ্যমে দেশকে নরকে পরিণত করা হয়েছিল। দেশের মানুষ এসব ঘটনা ভুলে যায়নি।
সমাবেশে বক্তারা বলেন, একের পর এক গোষ্ঠীকে উসকে দিয়ে নিষিদ্ধ সংগঠনটি নানা ফায়দা হাসিলের চেষ্টা করছে। নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন।
বক্তারা আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আধুনিক বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করানোর চেষ্টা করছেন। এমন সময়ে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ চালিয়ে যাবে। নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টিতে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সিনিয়র সহসভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক সরোয়ার জাহান ভূঁইয়া দোলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু ও দপ্তর সম্পাদক জিএম আহসান উল্ল্যাহসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন