প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চিত্রনায়ক জয় চৌধুরী একের পর এক অভিযোগ তুলেছেন চিত্রনায়ক হেলাল খানের বিরুদ্ধে। এফডিসিতে প্রবেশ করে শিল্পীদের সঙ্গে দুর্ব্যবহার, গালিগালাজ এবং মারধরের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন তিনি। জয় দাবি করেছেন, হেলাল খানের এই আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা চলছে।
সম্প্রতি এফডিসিতে ঢুকে হেলাল খান কয়েকজন শিল্পীর ওপর চড়াও হন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর চলচ্চিত্র অঙ্গনসহ বিভিন্ন মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তার আচরণের সমালোচনা করেছেন অনেকে।
এফডিসির প্রধান ফটকের সামনে মানববন্ধনের আয়োজন করেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা, যারা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদ জানিয়েছেন। এতে চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও শিল্পীরা অংশগ্রহণ করেন। তবে এফডিসিতে উপস্থিত থাকলেও কর্মসূচিতে যোগ দেননি জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য। পরে অভিযোগ ওঠে যে, জাসাসের আহ্বায়ক হেলাল খান জয় ও অন্যান্য শিল্পীদের ওপর চড়াও হন।
এ বিষয়ে গণমাধ্যমকে মঙ্গলবার বিকেলে জয় চৌধুরী মন্তব্য করেন, ‘হেলাল খান সেদিন কেন ওই রকম আচরণ করলেন, আমি ঠিক বুঝলাম না। সেদিন তিনি ১০০ বহিরাগত শিল্পী এনে আমাদের শিল্পীকে বাস্টার্ড বলেছেন। আমাদের শিল্পীকে গালিগালাজ করেছেন। এটা তো তিনি করতে পারেন না। উনি এখন এই আচরণের পর নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নানা রকম মিথ্যা কথা বলছেন।’
জয় অভিযোগ করেছেন যে, হেলাল খান তাকে মারার হুমকিও দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার সঙ্গে তিনি অহেতুক খারাপ আচরণ করেছেন। উনার সঙ্গে আমার রাস্তায় দেখা হয়েছে। যদি এমন হতো উনারা প্রোগ্রাম করছেন আর আমি আড্ডা দিচ্ছি, উনি ডাকতে আসছেন, আমরা যাইনি, তাহলেও কথা ছিল। কেন এসে গায়ে পড়ে এটা করছেন, আমার সঙ্গে করেছেন, মেনে নিলাম। তিনি আমার গুরুজন। কিন্তু উনি বহিরাগত নিয়ে এসে আমার সমস্ত মেম্বারকে বাস্টার্ড বলতে পারেন না। আমার মেম্বারদের মারার হুমকি দিতে পারেন না।’
শিল্পীদের আত্মসম্মানবোধের বিষয়টিও তুলে ধরেছেন জয়। তিনি বলেন, ‘করোনা থেকে শুরু করে নানা প্রতিকূল অবস্থায় উনাদের তো পাওয়া যায়নি। সে সময় আমরা যা করেছি, সামান্য যদি উনাদের পেতাম। আজ তিনি হুট করে এসে অর্ডার করছেন, আমরা শিল্পীরা কারও কাছে মাথা বিক্রি করে দিইনি। আমাদের শিল্পীদের একটা আত্মসম্মানবোধ আছে। কে কী সিদ্ধান্ত নেবে শিল্পীরা, সেটা তাদের সিদ্ধান্তের বিষয়।’
এদিকে জয় চৌধুরী জানিয়েছেন, হেলাল খানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা চলছে।
অন্যদিকে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৯টি সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্মের মুখপাত্রের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জয়। সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। হেলাল খানের নেতৃত্বাধীন ওই প্ল্যাটফর্মে কাজ করতে অনীহা প্রকাশ করেছেন এই চিত্রনায়ক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন