প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাছ চুরি প্রতিরোধের উদ্দেশ্যে পুকুরের চারপাশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে ভুলে যাওয়ার কারণে প্রাণ হারালেন পুকুর মালিকের স্ত্রী এবং তার চাচাতো ভাই। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চৌদার পূর্ব উত্তরপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন উপজেলার চৌদার গ্রামের দলি ব্যাপারী বাড়ির বাসিন্দা হারুন অর রশিদ, যিনি হারু নামে পরিচিত (৫০) এবং তার চাচাতো ভাই মাওলানা শায়েখ সেকান্দর আলীর স্ত্রী আফরোজা (৪৫)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পুকুরের মাছ চুরি ঠেকাতে গতকাল মঙ্গলবার রাতে মাওলানা শায়েখ সেকান্দর আলী তার পুকুরের চারপাশে জিআই তার টানিয়ে বিদ্যুৎ সংযোগ দেন। কিন্তু আজ বুধবার সকালে তিনি ভুলবশত সেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে ভুলে যান।
সকালে আফরোজা পুকুরপাড়ে থাকা মাচা থেকে লাউ তুলতে যান। লাউ ছেঁড়ার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত জিআই তারের সংস্পর্শে এসে ছটফট করতে থাকেন। দূর থেকে বিষয়টি দেখে তাকে বাঁচাতে ছুটে যান চাচাতো ভাসুর হারুন অর রশিদ। কিন্তু আফরোজাকে ধরার সঙ্গে সঙ্গে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দুজনকে উদ্ধার করেন এবং দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। একটি সামান্য ভুলের কারণে পরিবারের দুজনের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে জানতে চাইলে ওসি রাশেদুল হাসান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন