প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের পুঁজিবাজারে চলমান তারল্য সংকটের মোকাবিলা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগের বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থা জোরদার করার লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিল সুবিধার সীমা প্রতিটি তফসিলি ব্যাংকের জন্য ২০০ কোটি টাকা থেকে ৩০০ কোটি টাকা করার দাবি জানিয়েছে। সংগঠনটি একই সঙ্গে এ সুবিধার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে ৩০ নভেম্বর ২০৩১ পর্যন্ত করার দাবি করেছে।
এ বিষয়ে গত ৬ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, এফসিএমএ-এর কাছে ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলামের স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক পত্র প্রদান করা হয়েছে। পত্রটির অনুলিপি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের কাছে পাঠানো হয়েছে।
ডিবিএ জানিয়েছে, পুঁজিবাজারে বিনিয়োগ ও বাজারের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের চালু করা বিশেষ তহবিল সুবিধা প্রাতিষ্ঠানিক বিনিয়োগের সক্ষমতা বৃদ্ধি, বাজারের তারল্য ও স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা পালন করেছে। বর্তমানে প্রতিটি তফসিলি ব্যাংক সর্বোচ্চ ২০০ কোটি টাকা পর্যন্ত বিশেষ তহবিল গঠন করতে পারে। তবে, এই সুবিধার বর্তমান মেয়াদ আগামী ৩০ নভেম্বর ২০২৬ শেষ হওয়ার কথা রয়েছে।
সংগঠনটির মতে, দেশের পুঁজিবাজারে বিদ্যমান তারল্য সংকটের পাশাপাশি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে বৈশ্বিক অর্থনীতিতে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, এমন পরিস্থিতিতে বিশেষ তহবিল সুবিধা প্রত্যাহার না করে বরং আরও শক্তিশালী করা প্রয়োজন। এই কারণে সুবিধাটির সীমা ও মেয়াদ—দুটিই বাড়ানোর প্রস্তাব দিয়েছে ডিবিএ।
ডিবিএর প্রস্তাব অনুযায়ী, প্রতিটি তফসিলি ব্যাংকের জন্য বিশেষ তহবিলের সীমা ২০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩০০ কোটি টাকা করতে হবে। পাশাপাশি ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩০ নভেম্বর ২০৩১ পর্যন্ত আরও পাঁচ বছর এ সুবিধা বহাল রাখতে হবে।
ডিবিএ মনে করে, বিশেষ তহবিলের সীমা ও মেয়াদ বাড়ানো হলে পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পাবে। এতে বাজারের তারল্য ও গভীরতা বৃদ্ধির পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থাও শক্তিশালী হবে। একই সঙ্গে দেশের পুঁজিবাজারের দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সংগঠনটি আরও বলেছে, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় বিশেষ তহবিল সুবিধা অব্যাহত রাখা পুঁজিবাজারের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে তারল্য সংকটের সময়ে ব্যাংকগুলোর মাধ্যমে বাজারে বিনিয়োগের সক্ষমতা বাড়ানো গেলে বাজারের স্থিতিশীলতা ধরে রাখা সহজ হবে। ডিবিএ আশা করছে, পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় বাংলাদেশ ব্যাংক বিশেষ তহবিলের সীমা ৩০০ কোটি টাকা এবং এর মেয়াদ ৩০ নভেম্বর ২০৩১ পর্যন্ত বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
পুঁজিবাজারের উন্নয়নে সরকারের গৃহীত পরিকল্পনা ও পদক্ষেপ বাস্তবায়নে ডিবিএ ভবিষ্যতেও বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন