প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তিস্তায় বিভিন্ন স্থানে ডুবোচর জেগে উঠছে। নদীর ঘাটগুলো অনেক দূরে সরে গেছে। চারপাশে শুধু চরের বিস্তীর্ণ বালুচর দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে যান্ত্রিক পরিবহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। স্থানীয়দের পায়ে হেঁটে দীর্ঘ পথ অতিক্রম করতে হচ্ছে। তবে শীতকালীন ফসল ও অন্যান্য মালামাল পরিবহনে সমস্যা সৃষ্টি হচ্ছে।
এই সমস্যা সমাধানে গাইবান্ধার তিস্তার চরাঞ্চলে ঘোড়ার গাড়ি ব্যবহার করা হচ্ছে।
স্থানীয়রা জানাচ্ছেন, সদর থেকে জিনিসপত্র আনা কিংবা চর থেকে সদরে যাওয়ার জন্য ঘোড়ার গাড়ির চাহিদা বর্তমানে অনেক বেড়ে গেছে। ঘোড়ার গাড়িতে মালামাল পরিবহন করে জীবিকা নির্বাহ করছেন কয়েক হাজার কোচোয়ান (ঘোড়ার গাড়ির চালক)।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চণ্ডিপুর, শ্রীপুর এবং কাপাসিয়া ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া তিস্তার খরস্রোতা রূপ এখন আর নেই। নদীটি দীর্ঘদিন ধরে খনন করা হয়নি। ফলে পানি শুকিয়ে যাওয়ার সাথে সাথে ডুবোচর জেগে উঠছে।
এদিকে, জেগে ওঠা চরে চাষাবাদ করছেন ভাঙনের শিকার হয়ে জমি হারানো পরিবারগুলো। বাজারে তাদের উৎপাদিত ফসলের চাহিদা অনেক বেশি। সেসব ফসল পরিবহনের জন্য ঘোড়ার গাড়ি এখন চরবাসীর একমাত্র ভরসা।
সম্প্রতি সরেজমিনে বেলকা ও হরিপুর ঘুরে এসব দৃশ্য দেখা গেছে। ঘাটগুলোতে সবসময় ১০ থেকে ১৫টি ঘোড়ার গাড়ি অপেক্ষমাণ অবস্থায় থাকে। খেয়া বা রিজার্ভ নৌকা আসা-যাওয়ার সময় ক্রম অনুসারে গাড়িতে মালামাল ওঠান কোচোয়ানরা।
বেলকার চরের কৃষক মান্নান মিয়া জানান, তার দুই বিঘা জমিতে এবার আমন ধান আবাদ হয়েছে। ধান কাটার পর জমি থেকে বাড়ি বা সংলগ্ন ধান মাড়াইয়ের জায়গার দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। ওই ধান বহনের জন্য কোচোয়ানকে অন্তত দুই হাজার টাকা দিতে হবে। যন্ত্রচালিত যানবাহন হলে খরচ কমতো বলে তিনি উল্লেখ করেন।
মান্নান মিয়া আরও জানান, বালুচরে অন্য কোনো যানবাহন সহজে চলাচল করতে পারে না। এমনকি তিস্তার শাখা নদী বা খালগুলোর হাঁটু ও গলাপানি পার হতে ঘোড়ার গাড়ি ছাড়া অন্য কোনো বাহন নেই। তাই খরচ বাড়লেও নিরাপদে ধান বাড়িতে নেওয়া যায়।
একই চরের সৈয়দ আলী জানান, শুধু ধান নয়, চাষাবাদের জন্য প্রয়োজনীয় সার, বীজসহ যাবতীয় উপকরণ বহনে তিস্তার চরে এখন ঘোড়ার গাড়ির বিকল্প নেই।
হরিপুরের মুদি দোকানি সাহেব আলী বলেন, বেশ কয়েকটি শাখানদী পাড়ি দিয়ে মালামাল নিয়ে আসতে হয়। ঘোড়ার গাড়ি পানির ভেতর দিয়ে চলে আসে। তবে খরচ একটু বেশি। তাই পণ্য বিক্রির সময় দামও বেশি নিতে হয়।
বেলকা চরের গাড়িচালক সাদেকুল মিয়া জানান, সারাদিন ঘোড়ার গাড়ি চালিয়ে এক থেকে দেড় হাজার টাকা রোজগার করা যায়। ঘোড়ার খাবার এবং গাড়ির পেছনে প্রায় ৬০০ টাকা খরচ হয়। তবে বর্ষা মৌসুমে বেকার থাকতে হয়। গাড়ি চালানো যায় না। সব সময় ভাড়াও হয় না। এই সময় যা সঞ্চয় করে রাখা যায়।
সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী বলেন, তিস্তার চরাঞ্চল এখন আবাদি জমিতে পরিণত হয়েছে। পলি জমে থাকায় চরাঞ্চলের মাটিতে অনেক উর্বর। রাসায়নিক সার ছাড়াই ফলন ভালো হচ্ছে। বিশেষ করে ভুট্টা, গম, আলু, মরিচ, পিয়াজ, রসুন, সরিষা, তিল, তিশি; নানা রকমের শাকসবজি এবং ধানের চাষ বেশি হচ্ছে।
কৃষি কর্মকর্তা আরও বলেন, কৃষকরা নানা ফসল চাষাবাদ করে বেশ লাভবান হচ্ছেন, কিন্তু পণ্য সরবরাহের জন্য যানবাহন সংকট রয়েছে। তাই ঘোড়ার গাড়ি এখন চরের একমাত্র ভরসা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন