প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের প্রতিটি ওয়ার্ড পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বাহিনী হিসেবে দফাদার মহল্লাদার (গ্রাম পুলিশ) পরিচিত। সরকার এই অবহেলিত বাহিনীকে যুগোপযোগী করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আসছে। এর অংশ হিসেবে প্রতি ৫ বছর পরপর গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ করা হয়।
বর্তমান বছরে নওগাঁর ৯শত ৫০ জন গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বিতরণের নামে কোটি টাকার সরকারি বরাদ্দে নিম্নমানের মানহীন ‘বাংলা সাইকেল’ বিতরণের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, কোটি টাকার বরাদ্দে সাইকেল কেনার নামে পুকুর চুরি করা হয়েছে। সুবিধাভোগীরা ক্ষোভ প্রকাশ করে জানান, ২৪ নং ছোট আকারের এই মানহীন সাইকেলগুলো ১ বছরও টিকবে না। গ্রাম পুলিশ সদস্যরা জানান, সাইকেলগুলো শেষমেশ কেজি দরে ভাঙ্গারির দোকানে বিক্রি করতে হবে। তারা দাবি করেন, যদি ভালো মানের দামী ব্র্যান্ডের সাইকেল দেওয়া হতো, তাহলে সাইকেলটি অনেক দিন ব্যবহার করা সম্ভব হতো।
নওগাঁর স্থানীয় সরকার শাখা সূত্রে জানা গেছে, দফাদার মহল্লাদার (গ্রাম পুলিশ) বাহিনীর সদস্যদের আধুনিকায়নের লক্ষ্যে প্রতি বছর সরকারের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়ে থাকে। স্থানীয় সরকার বিভাগ থেকে গ্রামপুলিশের পোষাক খাতে বরাদ্দকৃত অর্থ থেকে জেলার ৯৯টি ইউনিয়ন পরিষদের ৯শত ৯০ জন গ্রামপুলিশের মধ্যে ৯শত ৫০ জনের মাঝে বাইসাইকেল সরবরাহ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে ১ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয় সাইকেল বিতরণের জন্য। এর মধ্যে ৯শত ৫০টি বাংলা সাইকেল (নিম্ন মানের) দরপত্রের মাধ্যমে কেনা হয়। সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান প্রতিটি ২৪ নং বাংলা সাইকেল (আকারে ছোট) প্রায় ৯ হাজার ১শত টাকা মূল্যে মেঘনা গ্রুপের কাছ থেকে ক্রয় করেছে। ৯শত ৫০টি সাইকেল ক্রয়ে ব্যয় হয়েছে ১ কোটি ১৬ লাখ টাকা। বরাদ্দের অবশিষ্ট টাকা সংশ্লিষ্ট দপ্তরে ফেরত দেওয়া হয়েছে বলে জানা গেছে।
শহরের বিভিন্ন সাইকেল ব্যবসায়ীরা জানান, চলতি বছর গ্রাম পুলিশদের মাঝে বিতরণ করা ২৪ নং বাংলা বাইসাইকেলের সর্বোচ্চ মূল্য ৮ হাজার টাকা। অথচ ১০-১১ হাজার টাকার মধ্যে দামী ব্র্যান্ডের ভালো মানের বাইসাইকেল পাওয়া সম্ভব ছিলো, যা নিঃসন্দেহে দীর্ঘদিন ব্যবহার করা যেত। তারা আরও জানান, বিতরণ করা বাংলা সাইকেলগুলো দেশের খোলা বাজারে সচরাচর বিক্রি হয় না।
জেলার রাণীনগর উপজেলার গ্রাম পুলিশ রহিদুল ইসলাম (ছদ্ম নাম) জানান, সময়ের পরিবর্তনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে ৮০ শতাংশ গ্রাম পুলিশ মোটর সাইকেল ব্যবহার করে। দ্রুত দাপ্তরিক কাজ সম্পন্ন করার জন্য গ্রাম পুলিশরা বাইসাইকেলের পরিবর্তে মোটরসাইকেল ব্যবহার করে। অধিকাংশ গ্রাম পুলিশের বাইসাইকেল পরিবারের অন্য সদস্যরা ব্যবহার করে। বিগত সময়ে যে বাংলা সাইকেল দেওয়া হয়েছিলো, সেগুলোর মান এতোটাই খারাপ ছিলো যে, ব্যবহারের ৬ মাস-১ বছর পর তা ব্যবহার করা সম্ভব হয় না। অনেকেই নষ্ট হওয়া সাইকেলের মেরামতের জন্য টাকা নষ্ট না করে ভাঙ্গারীর দোকানে কেজি দরে বিক্রি করে দেয়। তারা মনে করেন, একটু ভালো মানের সাইকেল দিলে সেগুলো স্বাচ্ছন্দে দীর্ঘদিন ব্যবহার করা যায়।
মহাদেবপুর উপজেলার গ্রাম পুলিশ রহমত আলী (ছদ্ম নাম) জানান, এবারো তারা একটি করে ভালো মানের সাইকেল দাবি করেছিলেন, কিন্তু দেওয়া হয়েছে ছোট আকারের নিম্ন মানের বাংলা সাইকেল। প্রতিবাদ করেও কোন লাভ হয় না। ছোট মানুষদের প্রতিবাদ কোন কাজে আসে না। বর্তমান সরকার প্রধান যেহেতু ৩ বছর পর পর সাইকেল দেওয়ার ঘোষণা দিয়েছেন, তাই তিনি আর প্রতিবাদ করবেন না। চলতি বছর পাওয়া সাইকেল দিয়ে কোন মতে সময় পার করার পর আবার নতুন সাইকেল পাবেন। নষ্ট সাইকেল মেরামতের খরচ দিয়ে মোটরসাইকেল ব্যবহার করা অনেক সুবিধাজনক। এই কারণে সাইকেল তার ছেলে ব্যবহার করে।
অন্যদিকে, সাইকেল কেনার কেলেঙ্কারির পাশাপাশি জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-প্রশাসনিক কর্মকর্তা হৃষিকেশ চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও চরম স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী কর্মচারীরা। এই কর্মকর্তার ঘুষ বাণিজ্য, ফাইল আটকানো ও বদলি হয়রানির সিন্ডিকেট গড়ে তোলার কারণে ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন।
ফলে স্থানীয় সরকার শাখার উপ-প্রশাসনিক কর্মকর্তার ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয় সরকার বিভাগের আওতায় থাকা জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা। চাহিদা পূরণ না করলেই ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারিদের চরম হয়রানীর শিকার হতে হচ্ছে। এমন কর্মকান্ড দীর্ঘদিন চলে আসলেও সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তারা কোন ব্যবস্থা গ্রহণ করছেন না বলে জানিয়েছেন একাধিক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীরা জানান, নওগাঁর স্থানীয় সরকার শাখার উপ-প্রশাসনিক কর্মকর্তার চাহিদা পূরণ না করলেই নানা অজুহাত দেখিয়ে বিভিন্ন তোকমা লাগিয়ে অহেতুক জেলার এক প্রান্ত থেকে অপরপ্রান্তে বদলী করে হয়রানি করে আসছেন। যারা চাহিদা পূরণ করেন, তারা পছন্দমাফিক ও সুবিধাজনক জায়গায় চাকরি করার সুযোগ পাচ্ছেন। এছাড়া, কোন কারণ ছাড়াই বিভিন্ন ফাইল আটকিয়ে সুবিধা গ্রহণ করা এই শাখার এক পুরাতন নিয়মে পরিণত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ নওগাঁর উপ-প্রশাসনিক কর্মকর্তা হৃষিকেশ চন্দ্র মণ্ডল মুঠোফোনে জানান, তার বিরুদ্ধে করা অভিযোগ পুরোপুরি ভুয়া। ইউপি পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীদের রুটিন মাফিক বদলী করা হয়ে থাকে। বদলীর বিষয়টি দেখেন জেলা প্রশাসক স্যার। বদলীর বিষয়ে তার কোন হাত নেই।
স্থানীয় সরকার বিভাগ নওগাঁর উপ-পরিচালক টি এম এ মোমিন মুঠোফোনে জানান, গ্রাম পুলিশ নেতৃবৃন্দের অংশগ্রহণে জেলা কমিটি গঠন করার মাধ্যমে ইজিপি দরপত্রের মাধ্যমে কম দামের মধ্যে ভালো মানের সাইকেল ক্রয় করা হয়েছে। গ্রাম পুলিশরা যে মানের সাইকেল চেয়েছে, সেই মানের সাইকেল তাদেরকে দেয়া হয়েছে। অপরদিকে, বদলী সিন্ডিকেটের বিষয়টি মিথ্যে। যারা একই স্থানে দীর্ঘদিন ধরে কর্মরত আছেন, তাদেরকে অন্য কোথাও বদলী করলেই সমস্যা। বদলীর বিষয়টি একটি নিয়মিত প্রক্রিয়া। আমার দপ্তরের সকলকে কোন অনিয়ম না করতে কঠোর হুশিয়ারী দিয়েছি। তবুও যদি অভিযোগগুলোর বিষয়ে লিখিত আবেদন পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন