প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা বিশ্ববিদ্যালয়কে টাইব্রেকারে ৪–৩ গোলে পরাজিত করে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬’-এর ফাইনালে পৌঁছেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামীকাল মঙ্গলবার দুপুর ২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে খেলবে তারা।
সোমবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য সমতায় শেষ হয়। এরপর পেনাল্টি শুটআউটে ৪–৩ গোলের জয় নিয়ে ‘খ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে জায়গা করে নেয় জাতীয় বিশ্ববিদ্যালয়।
টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রথম ম্যাচে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ৬–০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে তারা। পরবর্তী ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় ম্যাচে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে সমান ২–০ গোলের ব্যবধানে হারায়। টানা তিনটি জয়ের পর চতুর্থ ম্যাচে টাইব্রেকারের নাটকীয়তায় শক্তিশালী ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে তারা।
আগামীকাল মঙ্গলবারের ফাইনালে তাদের প্রতিপক্ষ ‘ক’ গ্রুপ চ্যাম্পিয়ন স্বাগতিক রাজশাহী বিশ্ববিদ্যালয়। কাঙ্ক্ষিত এই শিরোপা লড়াই দুপুর ২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় ফুটবল দলের কোচ মো. তাজুল ইসলাম এবং ম্যানেজার হিসেবে উপপরিচালক মো. সুজাউদ্দৌলা দায়িত্ব পালন করছেন। সহকারী ম্যানেজার হিসেবে রয়েছেন সহকারী পরিচালক শাহিন আহমেদ।
ফাইনাল সম্পর্কে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম জানিয়েছেন, "শতভাগ জয় বজায় রেখে টানা দ্বিতীয়বারের মতো ট্রফি ঘরে তোলাই দলের প্রধান লক্ষ্য।"
গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায়ও জাতীয় বিশ্ববিদ্যালয় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন