প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের ফুলপুর উপজেলার লাউয়ারী কান্দাপাড়া এলাকার শিল্পা আক্তার (২২) নামে এক গৃহবধূ হত্যা মামলায় দীর্ঘদিন পলাতক থাকা স্বামী ও শ্বশুরকে পুলিশ গ্রেফতার করেছে। রোববার (৫ জুলাই) সুনামগঞ্জের তাহিরপুর থানার বাজাগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরপর তাদের ফুলপুর থানায় হস্তান্তর করা হয়।
জানা যায়, প্রায় পাঁচ বছর আগে শিল্পার সঙ্গে মফিজুল ইসলামের বিয়ে হয়। গত ৯ মে রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে শিল্পাকে মারধর করে স্বামী মফিজুল। পরদিন সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে আবারও বিরোধের একপর্যায়ে শিল্পাকে বাঁশ, খুঁটি ও লাঠি দিয়ে এলোপাতাড়িভাবে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর তারা শিল্পার মরদেহ শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে পালিয়ে যান। এরপর থেকে অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।
এ ঘটনায় নিহতের বাবা নায়েব আলী বাদী হয়ে ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং ১১, তারিখ ১১/৫/২৬। দীর্ঘদিন পলাতক অবস্থায় থাকার পর রোববার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট র্যাবের সহায়তায় সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার বাজাগাঁও এলাকা থেকে মামলার দুই আসামি স্বামী মো. মফিজুল ইসলাম (২৭) ও শ্বশুর আব্দুল হাই (৫৫) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের লাউয়ারী (কান্দাপাড়া) গ্রামের বাসিন্দা। পরে তাদের ফুলপুর থানায় হস্তান্তর করা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে সোমবার (৬ জুলাই) গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শিল্পা হত্যা মামলার দুই পলাতক আসামিকে সিলেট র্যাবের সহযোগিতায় গ্রেফতার করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন