প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কাঁঠালের বিচির পুষ্টিগুণ জানলে আপনি আর কখনোই এগুলো ফেলে দেবেন না। কাঁঠাল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফল, যা জাতীয় ফল হিসেবেও পরিচিত। শুধু কাঁঠালের কোয়া নয়, এর বিচিও পুষ্টিগুণে ভরপুর। কিন্তু অনেকেই কাঁঠালের বিচি ফেলে দেন। বিশেষজ্ঞরা বলছেন, এই বিচিতে রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় নানা অবাক করা পুষ্টি উপাদান।
কাঁঠালের বিচি নানা শক্তির উৎস হিসেবে পরিচিত। এটি প্রোটিন, খাদ্যআঁশ, ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস। নিয়মিত এবং পরিমিত পরিমাণে খেলে এটি শরীরের নানা উপকারে আসতে সক্ষম। পুষ্টিবিদদের মতে, কাঁঠালের বিচিতে উপস্থিত উদ্ভিজ্জ প্রোটিন শরীরের কোষ গঠন, পেশির বৃদ্ধি এবং ক্ষয়পূরণে কার্যকরভাবে সাহায্য করে। বিশেষ করে নিরামিষভোজীদের জন্য এটি হতে পারে প্রোটিনের একটি ভালো উৎস।
এছাড়া, এতে থাকা খাদ্যআঁশ হজমশক্তি উন্নত করার ক্ষেত্রে সাহায্য করে। এটি কোষ্ঠকাঠিন্য দূর করা এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে। কাঁঠালের বিচিতে উপস্থিত নানা ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। ফলে বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার শক্তি পায় শরীর।
হৃদ্স্বাস্থ্যের জন্যও কাঁঠালের বিচির উপকারিতা রয়েছে। এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। পাশাপাশি খাদ্যআঁশ খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, যা হৃদ্রোগের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে। বিশেষজ্ঞরা জানান, কাঁঠালের বিচিতে কিছু পরিমাণ আয়রন রয়েছে, যা শরীরে হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে। ফলে রক্তশূন্যতার ঝুঁকি কমাতেও এটি উপকারী হতে পারে।
ত্বকের যত্নেও কাঁঠালের বিচির ভূমিকা রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ক্ষতিকর উপাদানের প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে এবং ত্বককে দীর্ঘ সময় সতেজ রাখতে সহায়তা করে। এ ছাড়া, কাঁঠালের বিচিতে থাকা শর্করা শরীরকে প্রয়োজনীয় শক্তি জোগায় এবং ম্যাগনেসিয়ামসহ বিভিন্ন খনিজ উপাদান হাড় মজবুত রাখতে সাহায্য করে।
এছাড়া, ওজন নিয়ন্ত্রণেও সহায়ক হতে পারে এই বিচি। কারণ এতে থাকা খাদ্যআঁশ দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। যদিও কাঁঠালের বিচি খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতাও রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিচি সবসময় ভালোভাবে সেদ্ধ বা রান্না করে খাওয়া উচিত। অতিরিক্ত খেলে কারো কারও গ্যাস বা পেটের অস্বস্তি হতে পারে। যাদের বিশেষ স্বাস্থ্যগত সমস্যা রয়েছে, তারা চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিয়ে খাদ্যতালিকায় এটিকে যোগ করার সিদ্ধান্ত নিতে পারেন।
পুষ্টিগুণে ভরপুর কাঁঠালের বিচি তাই অবহেলা না করে মৌসুমে খাদ্যতালিকায় রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন