প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার চৌদ্দগ্রামে ইসলামী সংগীত শিল্পী, জামায়াত কর্মী ও ক্বারী ইউসুফকে হত্যার ঘটনা ঘটার ২০ দিন পরেও প্রধান আসামী আজাদসহ কোনো আসামী গ্রেফতার হয়নি। নিহতের স্ত্রী জান্নাতুল ফেরদৌস এবং ছেলে কাজী সানজিদুল ইসলাম ইমনসহ স্বজন ও এলাকাবাসী দীর্ঘ সময় ধরে আসামী মোঃ আজাদ, ইলিয়াছ ও ইব্রাহিম গংয়ের গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। অভিযোগ উঠেছে, চিহ্নিত কয়েকজন রাজনৈতিক নেতা এই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন এবং প্রশাসন কার্যকর ভূমিকা পালন না করায় আসামীরা গ্রেফতার হচ্ছে না।
নিহতের স্ত্রী জান্নাতুল ফেরদৌসের দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়েছে, কনকাপৈত গ্রামের কাজী ইউসুফ একজন ক্বারী ছিলেন এবং তিনি পূর্বে প্রবাসে ছিলেন। দেশে ফিরে আসার পর বাইক রাইডিংয়ের পাশাপাশি কনকাপৈত হাইস্কুল মাঠ ও কারিগরি বিশ্ববিদ্যালয়ের মাঠের দেখাশুনার দায়িত্ব পালন করতেন। গত ২৫ অক্টোবর সন্ধ্যায় কাজী ইউসুফ কনকাপৈত হাইস্কুল মাঠ সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদের পাশে অবস্থানকালে দূর্গাপুর গ্রামের ইলিয়াছ ও ইব্রাহিম বালু বোঝাইকৃত মিনি ট্রাক বেপরোয়াভাবে চালানোর কারণে বালু বাতাসে উড়ে মসজিদে ময়লা হচ্ছে দেখে তাদেরকে ধীর গতিতে গাড়ি চালানোর জন্য বলেন। এ নিয়ে ইলিয়াছ ও ইব্রাহিমের সাথে কাজী ইউসুফের বাক বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা কাজী ইউসুফকে আমজাদের গেলে মোটরসাইকেল রেখে প্যাকেট করে ভারত সীমানায় ফেলে দেওয়ার হুমকি দেয়। কাজী ইউসুফ বিষয়টি তাঁর পরিচিত কয়েকজনের সাথে মোবাইলে ম্যাসেজের মাধ্যমে শেয়ার করেন।
এরপর ২৬ অক্টোবর সকাল সাড়ে আটটায় কাজী ইউসুফ মাংস ক্রয় করার জন্য মোটরসাইকেলযোগে কাজী শিপনসহ আমজাদের বাজারে যান। কাজী শিপন কাঁচা মালামাল ক্রয়ের জন্য ফেনীর উদ্দেশ্যে চলে যাওয়ার পর কাজী ইউসুফ মাংস ক্রয় করার সময় পাশ্ববর্তী দূর্গাপুর গ্রামের ইলিয়াছ ও ইব্রাহিম পূর্বের বিষয়কে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে অজ্ঞাতনামা ৮-১০ জন তাঁর উপর অতর্কিত হামলা চালায়। আমজাদের বাজারস্থ ফারিয়া এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোঃ আজাদ, তাঁর শ্রমিক ইলিয়াছ ও ইব্রাহিমসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা কাজী ইউসুফকে হত্যার উদ্দেশ্যে রাস্তার উপর ফেলে উপর্যপুরি কিল, ঘুষি, লাথি মারে। এর ফলে কাজী ইউসুফ মৃত্যু যন্ত্রনায় ছটপট করতে শুরু করেন। তারপরও মোঃ আজাদ গং নিষ্ঠুরভাবে কাজী ইউসুফকে মারপিট অব্যাহত রাখে। একপর্যায়ে কাজী ইউসুফ জীবন বাঁচানোর জন্য আত্মচিৎকার করলে আশপাশের পথচারী ও বাজারের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
কাজী ইউসুফের স্ত্রীর দাবি, স্থানীয় লোকজনের সহায়তায় কাজী ইউসুফকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাঁর অবস্থার অবনতি দেখে ইউসুফকে এ্যাম্বুলেন্সের মাধ্যমে কুমিল্লা মিশন প্রাইভেট হাসপাতাল ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দুপুরে কাজী ইউসুফ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহতের ময়নাতদন্ত শেষে পরদিন দুপুরে মরদেহ সামনে রেখেই আমজাদের বাজারে ঘাতকদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই দিন বাদ জোহর নামাজে জানাযা শেষে তাঁকে চাঁনকার দীঘিরপাড় কবরস্থানে দাফন করা হয়।
নামাজে জানাযা পূর্বে রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্তা ব্যক্তিরা আসামীদের গ্রেফতারের আশ্বাস প্রদান করেন। কিন্তু ২০ দিন পরেও কোনো আসামী গ্রেফতার না হওয়ায় স্বজন ও এলাকাবাসী ভবিষ্যতে বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করছেন।
নিহতের ছেলে কাজী সানজিদুল ইসলাম ইমন জানান, বাবাকে হত্যার ২০ দিন পার হলেও আসামীরা এখনও গ্রেফতার হয়নি। তিনি বাবাকে হত্যাকারীদের গ্রেফতার ও সঠিক বিচারের জন্য স্থানীয় এমপি ডাঃ তাহেরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরদাবি জানান।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন রোববার দুপুরে বলেন, ‘আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন