প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সকালের শুরুটা আল্লাহর স্মরণ ও ইবাদতের মাধ্যমে হওয়া উচিত। রসুলুল্লাহ সা. সকালবেলার সময়কে বিশেষ গুরুত্ব দিয়েছেন। কুরআন ও সুন্নাহতে কিছু আমলের নির্দেশনা রয়েছে, যা নিয়মিত পালন করলে মহান আল্লাহর রহমত, বরকত ও হেফাজত লাভের আশা করা যায়।
সকালের সময়টি একজন মুমিনের জন্য অত্যন্ত মূল্যবান। সকালে যেসব আমলে সারা দিন ভালো কাটবে, সেগুলো উল্লেখ করা হলো:
ফজরের নামাজ আদায় করা
দিনের শুরুটি ফজরের নামাজ দিয়ে করা উচিত। যথাসময়ে নামাজ আদায় করা জরুরি। সম্ভব হলে জামাতের সঙ্গে নামাজ পড়া উচিত। রসুলুল্লাহ সা. বলেছেন, ‘যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল, সে আল্লাহর নিরাপত্তার মধ্যে থাকল।’ (সহিহ মুসলিম: ৬৫৭)
কুরআন তিলাওয়াত করা
ফজরের নামাজের পর কিছু সময় কুরআন তিলাওয়াত করা উচিত। বিশেষ করে আয়াতুল কুরসি পাঠ করা যেতে পারে। মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই ফজরের কুরআন পাঠ (ফজরের নামাজ) উপস্থিতির সময়।’ (সুরা বনি ইসরাইল: ৭৮)
সকালবেলার জিকির করা
সকালবেলায় আল্লাহর জিকির করা উচিত। বিশেষভাবে তিনবার সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করা উচিত। রসুলুল্লাহ সা. বলেছেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় তিনবার সূরা ইখলাস, ফালাক ও নাস পাঠ করবে, তা তাকে সব ধরনের অনিষ্ট থেকে সুরক্ষার জন্য যথেষ্ট হবে। (সুনানে আবু দাউদ: ৫০৮২; জামে তিরমিজি: ৩৫৭৫)
উপকারী জ্ঞান ও হালাল রিজিকের দোয়া পড়া উচিত।
ফজরের নামাজের পর এই দোয়াটি পড়ুন।
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا طَيِّبًا وَعَمَلًا مُتَقَبَّلًا উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ, ওয়া রিজকান তাইয়িবা, ওয়া আমালাম মুতাকাব্বালা। অর্থ: হে আল্লাহ! আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক ও কবুলযোগ্য আমল প্রার্থনা করছি।
উম্মে সালামা (রা.) বর্ণনা করেন, রসুলুল্লাহ সা. ফজরের নামাজের সালাম ফেরানোর পর এই দোয়াটি পড়তেন। (সুনানে ইবনে মাজাহ: ৯২৫)
বিপদ-আপদ থেকে হেফাজতের দোয়া পড়া
সকাল ও সন্ধ্যায় তিনবার এই দোয়াটি পড়ুন।
بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ উচ্চারণ: বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই, ওয়া হুয়াস সামিউল আলিম। অর্থ: আল্লাহর নামে, যাঁর নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
রসুলুল্লাহ সা. বলেছেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় তিনবার এই দোয়া পড়বে, কোনো কিছু তাকে ক্ষতি করতে পারবে না। (সুনানে আবু দাউদ: ৫০৮৮; জামে তিরমিজি: ৩৩৮৮)
সদকা ও মানুষের উপকার করা
সামর্থ্য অনুযায়ী কাউকে সাহায্য করা উচিত। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা জরুরি। সদকা শুধু অর্থ দিয়ে হয় না; ভালো কথাও সদকা। রসুলুল্লাহ সা. বলেছেন, ‘প্রতিটি ভালো কাজই সদকা।’ (সহিহ বুখারি: ৬০২১)
সকাল সকাল কাজ শুরু করা
অযথা অলসতায় সময় নষ্ট না করে সকালেই প্রয়োজনীয় কাজ শুরু করা উচিত। হালাল রিজিকের সন্ধানে বের হয়ে আল্লাহর ওপর ভরসা রাখা উচিত।
রসুলুল্লাহ সা. দোয়া করেছেন, اللَّهُمَّ بَارِكْ لِأُمَّتِي فِي بُكُورِهَا অর্থ: হে আল্লাহ! আমার উম্মতের সকালবেলায় বরকত দান করুন। (সুনানে আবু দাউদ: ২৬০৬; জামে তিরমিজি: ১২১২)
সাইয়্যেদুল ইস্তিগফার পাঠ করা
শাদ্দাদ বিন আওস (রা.) নবী (সা.) থেকে বর্ণনা করেন যে,
اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلاَّ أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنوبَ إِلاَّ أَنْتَ উচ্চারণ: আল্লা-হুম্মা আনতা রাব্বি লা ইলা-হা ইল্লা আনতা খলাক্বতানি ওয়া আনা ‘আব্দুকা, ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাস্তাত্বা‘তু। আ‘উযু বিকা মিন শাররি মা সানা‘তু, আবূউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়্যা, ওয়া আবূউ বিযাম্বী। ফাগফির লি, ফাইন্নাহূ লা ইয়াগফিরুয যুনূবা ইল্লা আনতা।
অর্থ: হে আল্লাহ! আপনি আমার রব্ব, আপনি ছাড়া সত্য কোন উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি আমার সাধ্য মতো আপনার (তাওহীদের) অঙ্গীকার ও (জান্নাতের) প্রতিশ্রুতির ওপর রয়েছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। আপনি আমাকে যে নেয়ামত দিয়েছেন আমি তা স্বীকার করছি এবং আমার অপরাধও স্বীকার করছি। অতএব, আপনি আমাকে মাফ করে দিন। নিশ্চয় আপনি ছাড়া পাপরাশি ক্ষমা করার কেউ নেই।
তিনি আরও বলেন, ‘যে ব্যক্তি দিনের বেলায় বিশ্বাসের সঙ্গে এ বাক্যগুলো বলবে এবং সেদিন সন্ধ্যার আগে যদি সে মারা যায়-- তাহলে সে ব্যক্তি জান্নাতের অধিবাসী হবে। আর যে ব্যক্তি রাতের বেলায় এ বাক্যগুলো বলবে এবং সকাল হওয়ার আগে মারা যাবে-- সে ব্যক্তি জান্নাতের অধিবাসী হবে।’ (বুখারি, হাদিস : ৬৩০৬)
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন