প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার দুর্গাপুরে এক কসমেটিকস ব্যবসায়ীকে মারধর করে ১ লাখ ২০ হাজার ৩০০ টাকা ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হিমেল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক স্খলনের অভিযোগে তাঁকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পর হিমেল সরকারকে আটক করা হয়। পরে ভুক্তভোগী ব্যবসায়ী মামলা করলে তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গতকাল শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর পৌরসভার সোমেশ্বরী নদীর তীরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আমির হোসেন (৪০) উপজেলার মোক্তারপাড়া এলাকায় থাকেন। তিনি দীর্ঘদিন ধরে দুর্গাপুরের সাদামাটি পাহাড় এলাকায় কসমেটিকসসহ বিভিন্ন পণ্যের ব্যবসা করেন।
এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ব্যবসার টাকা সঙ্গে নিয়ে দুপুরের খাবার খেতে বাড়ি ফিরছিলেন আমির হোসেন। পৌরসভার পান মহালের রাস্তার পশ্চিম পাশে সোমেশ্বরী নদীর ঢালে ব্লকের মাথায় পৌঁছালে দুই যুবক তাঁর পথরোধ করেন। তাঁরা হলেন ফুলপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে হিমেল সরকার (৩১) ও গুজিরকোনা গ্রামের সবুজ মড়লের ছেলে মাসুম মিয়া (২৫)।
এজাহার অনুযায়ী, অভিযুক্ত দুজন আমির হোসেনের পূর্বপরিচিত। তাঁরা মাঝেমধ্যে তাঁর দোকানে যাতায়াত করতেন। এ কারণে তাঁর যাতায়াতের সময় সম্পর্কেও তাঁরা জানতেন বলে অভিযোগ করা হয়েছে।
আমির হোসেন অভিযোগ করেন, পথরোধ করে অভিযুক্তরা তাঁর কাছে থাকা টাকা ও অন্যান্য জিনিসপত্র দিয়ে দিতে বলেন। এতে তিনি রাজি না হলে হিমেল সরকার দুই থেকে তিন ফুট লম্বা একটি স্টিলের লাঠি দিয়ে তাঁকে মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দেন। পরে ভয়ে তিনি লুঙ্গির কোচায় রাখা ১ লাখ ২০ হাজার ৩০০ টাকা বের করলে অভিযুক্তরা তা নিয়ে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যান। পরে আহত আমির হোসেন দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নেন। ওই রাতেই তিনি থানায় লিখিত অভিযোগ দেন। শুক্রবার তাঁর করা মামলাটি দ্রুত বিচার আইনে নথিভুক্ত করা হয়।
এদিকে ঘটনার পর বৃহস্পতিবার সন্ধ্যায় হিমেল সরকারকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক স্খলনের মতো গুরুতর অভিযোগের প্রেক্ষাপটে সর্বসম্মত সিদ্ধান্তে তাঁর বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বহিষ্কারাদেশে স্বাক্ষর করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের চার যুগ্ম আহ্বায়ক—মীর্জা সালমান আরসাদ নজরুল, রাকিব হাসান, মো. রতন ও সুমন মণ্ডল।
পুলিশ জানিয়েছে, মামলার বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন