প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা নতুন শ্রেণির শেয়ার ইস্যুর পরিকল্পনা স্থগিত করেছে, যা শেয়ারহোল্ডারদের করা মামলার কারণে হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগের জন্য শেয়ার বিক্রির যে উদ্যোগ ছিল, সেটিও আপাতত পিছিয়ে যাচ্ছে।
সোমবার মেটা জানায়, শেয়ার পুনর্গঠন পরিকল্পনাকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার বিচার চলাকালীন তারা নতুন ক্লাস সি শেয়ার ইস্যু করবে না। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের কোর্ট অব চ্যান্সারিতে মামলাটি দায়ের করেছেন প্রতিষ্ঠানটির কয়েকজন শেয়ারহোল্ডার। আগামী ১৯ এপ্রিল ২০২৭ থেকে এ মামলার বিচার শুরু হওয়ার কথা রয়েছে।
মেটার পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারিতে নতুন ধরনের নন-ভোটিং বা ভোটাধিকারহীন ক্লাস সি সাধারণ শেয়ার চালু করার কথা ছিল। এর ফলে কার্যত শেয়ারের সংখ্যা দ্বিগুণ বা দুই-ফর-ওয়ান বিভাজনের মতো কাঠামো তৈরি হতো। এই ব্যবস্থার মাধ্যমে অধিগ্রহণের জন্য অর্থের জোগান এবং দক্ষ কর্মীদের ধরে রাখার ক্ষেত্রে বাড়তি সুযোগ পাওয়ার কথা ছিল প্রতিষ্ঠানটির। একই সঙ্গে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গের ভোটাধিকার নিয়ন্ত্রণও অক্ষুণ্ন রাখার পরিকল্পনা ছিল।
এই সিদ্ধান্তের ফলে মেটার ৬০০০ কোটি ডলারের শেয়ার বিক্রির পরিকল্পনাতেও প্রভাব পড়েছে। বাজারে প্রচলিত শেয়ারের মাধ্যমে ধাপে ধাপে এই অর্থ সংগ্রহের কথা ছিল প্রতিষ্ঠানটির। তবে ক্লাস সি শেয়ারের লেনদেন শুরু না হওয়া পর্যন্ত ওই কর্মসূচি চালু হওয়ার সম্ভাবনা নেই।
এদিকে এআই খাতে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে বিপুল অর্থ বিনিয়োগ করছে মেটা। উন্নত চিপ ও ডেটা সেন্টার তৈরিতে ব্যয় বাড়ানোর পাশাপাশি ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করছে তারা। একই সঙ্গে ভোক্তাদের জন্য এআই এজেন্ট তৈরির ক্ষেত্রেও এগিয়ে থাকার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শেয়ারহোল্ডারদের মামলার কারণে নতুন শেয়ার ইস্যু স্থগিত রাখার সিদ্ধান্ত মেটার এআই বিনিয়োগের অর্থ সংগ্রহের পরিকল্পনাতেও বিলম্ব ঘটাতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন