প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইউরোপে দক্ষ জনশক্তি প্রেরণের লক্ষ্যে আনসার-ভিডিপির ডিজিটাল পদ্ধতিতে বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এই প্রক্রিয়া সম্পূর্ণ নিরাপদ, আইনি ও স্বচ্ছভাবে পরিচালিত হয়েছে।
মূলত ইউরোপের দেশ মলদোভায় দক্ষ কর্মী পাঠানোর উদ্দেশ্যে ৮-৯ জুলাই ডিজিটালাইজড পদ্ধতিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ বাছাই কার্যক্রম করেছে। ডিএমএ তথা ঢাকা মহানগর আনসারের ৩০০ জন শহর প্রতিরক্ষা দল (টিডিপি) নারী সদস্যার বাছাইয়ের প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কর্মসংস্থানের উদ্দেশ্যে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে প্রতিনিয়ত শত শত তরুণ-তরুণী দালালের খপ্পরে পড়ে যাচ্ছেন। এদের মধ্যে কেউ কেউ ভূমধ্যসাগর পার হতে গিয়ে অকালে প্রাণ হারাচ্ছেন।
আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের দূরদর্শী নেতৃত্ব ও পরিকল্পনায় এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে কোনও রকম অনিয়মের সুযোগ বন্ধ করতে ৫টি শক্তিশালী বাছাই কমিটি সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে প্রতিটি ধাপ তদারকি করছে। বাহিনীর সদর দপ্তরে কঠোর নিরাপত্তা ও শৃঙ্খলার মধ্যে এই প্রক্রিয়া পরিচালিত হচ্ছে এবং যা দেশের অভিবাসন খাতে এক নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে।
৮ জুলাই (বুধবার) প্রথম ধাপে ঢাকা মহানগর আনসার উত্তর ও পূর্ব জোনের ১৩৯ জন টিডিপি নারী সদস্যার বাছাইয়ের পর আজ ৯ জুলাই (বৃহস্পতিবার) দ্বিতীয় ধাপে ঢাকা মহানগর দক্ষিণ ও পশ্চিম জোনের ১৬১ টিডিপি (নারী) বিদেশ গমনেচ্ছুক প্রার্থীরা তাদের 'স্ব-ঘোষণা' সেলফ ডিক্লারেশন ফর্মে স্বাক্ষর করেন।
এদিকে, প্রথাগত कागজ-কলম ব্যবহারের পরীক্ষার বদলে এখানে আধুনিক প্রযুক্তির ব্যবহার হয়েছে। পরীক্ষার স্থানগুলোতে দায়িত্বরত পরীক্ষা নিয়ন্ত্রকদের কঠোর নজরদারিতে প্রার্থীরা নিজেদের স্মার্টফোনের জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে সরাসরি 'গুগল ফর্ম'-এর মাধ্যমে লাইভ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।
এছাড়া, প্রার্থীদের শরীরের ওজন, উচ্চতা পরিমাপ এবং দৃষ্টিশক্তি পরীক্ষাসহ অন্যান্য শারীরিক যোগ্যতা যাচাই করা হয়েছে। সম্মিলিত ৫টি কমিটির জুরি বোর্ডের সামনে সরাসরি সাক্ষাৎকারে অংশ নেয় প্রার্থীরা। আধুনিক নির্বাচনী পদ্ধতির মাধ্যমে প্রার্থীদের প্রতিটি ধাপের পরীক্ষার মূল্যায়নের জন্য একটি বিশেষায়িত সফটওয়্যারে ইনপুট করা হচ্ছে। ফলে, কোনো মানুষের হস্তক্ষেপ অথবা কারচুপি ছাড়াই সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে মেধা তালিকা ও মূল্যায়ন মান তৈরি করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন