প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর কেডিসি পাড়ায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ রেখা আক্তার (৬৪) নামে এক নারীকে আটক করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ চন্দের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ, র্যাব ও কাস্টমসের প্রতিনিধিরা অংশ নেন।
অভিযানকালে রহনপুর কেডিসি পাড়ার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী রেখা আক্তার (৬৪)-এর বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে ১০ গ্রাম হেরোইন, ১০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আটক রেখা আক্তারের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পাশাপাশি এলাকায় বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় যুবসমাজকে বিপথগামী করার অভিযোগও রয়েছে।
অভিযান শেষে স্থানীয় সচেতন নাগরিকদের অংশগ্রহণে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা, র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মাদক নির্মূলে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা এবং মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন স্থানীয়রা।
অনুষ্ঠানে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান বলেন, কেডিসি পাড়ার মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে মাদক ব্যবসা পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে না এলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কেডিসি পাড়ায় কোনো মাদক ব্যবসায়ীর অস্তিত্ব থাকতে দেওয়া হবে না।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদক নিয়ন্ত্রণের নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন আইন নিজের হাতে তুলে না নেয়। মাদক ব্যবসা বা মাদকসংক্রান্ত যেকোনো তথ্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।
আটক নারীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু ও পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলছে। এ কার্যক্রম পরিচালনা করছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মামুনুর রশিদ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন