প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশে অবস্থানরত ১৬ দেশের কূটনৈতিক মিশন রোহিঙ্গা সংকটের নয় বছর পূর্তিতে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য উপযুক্ত নয়। কূটনৈতিক মিশনগুলো বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি তাদের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে, যারা প্রায় এক দশক ধরে ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) যৌথ বিবৃতিটি প্রকাশিত হয়, যেখানে কানাডা, ডেনমার্ক, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, কসোভো, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্যের কূটনৈতিক মিশনগুলো সই করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমার থেকে রোহিঙ্গাদের গণবাস্তুচ্যুতির পর বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে কঠিন পরিস্থিতিতে বসবাস করছে। দীর্ঘ সময় ধরে নানা প্রতিকূলতার মধ্যে রোহিঙ্গাদের সহনশীলতা, সাহস ও মর্যাদার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। একই সঙ্গে, বিশাল এ জনগোষ্ঠীকে মানবিক আশ্রয় ও সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের উদারতার প্রশংসা করা হয়েছে।
রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার অধিকার রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তবে, রাখাইন রাজ্যে চলমান সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে এবং সেখানে মানবিক চাহিদা চরম আকার ধারণ করেছে। ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা, বেসামরিক অবকাঠামোয় বিমান হামলা এবং মিয়ানমার কর্তৃপক্ষের ত্রাণ ও বাণিজ্যের ওপর কঠোর বিধিনিষেধের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।
এই পরিস্থিতিতে নতুন করে অনেক মানুষ বাংলাদেশসহ আশপাশের অঞ্চলে বাস্তুচ্যুত হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে পালানোর সময় বহু রোহিঙ্গার প্রাণহানির ঘটনা ঘটছে। কূটনৈতিক মিশনগুলো জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন সম্ভব নয়।
রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করতে দীর্ঘমেয়াদি, কৌশলগত ও সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে। বাস্তুচ্যুতির মূল কারণ দূর করা, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আস্থা তৈরি এবং মিয়ানমারে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা জরুরি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এছাড়া, রোহিঙ্গাদের রাখাইনে ফিরে গিয়ে নিজেদের বাড়িঘর, জীবিকা ও সামাজিক জীবন পুনর্গঠন করতে সক্ষম করার জন্য তাদের শিক্ষা ও কর্মমুখী দক্ষতা অর্জনের সুযোগ দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগণের পাশে থাকবে আন্তর্জাতিক সম্প্রদায়। মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি সহায়তা বিতরণ ব্যবস্থার মান উন্নয়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
মানবিক কার্যক্রমে স্থানীয় বাংলাদেশি নেতৃত্ব ও রোহিঙ্গাদের নেতৃত্বাধীন সংগঠনগুলোকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে মিশনগুলো বলেছে, রোহিঙ্গাদের আত্মনির্ভরশীলতা বাড়াতে হবে। রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের নিজেদের কণ্ঠস্বরকে গুরুত্ব দিতে হবে।
রোহিঙ্গা সংকট দশম বছরে প্রবেশ করতে যাচ্ছে উল্লেখ করে বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের কথা ভুলে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। রোহিঙ্গাদের অধিকার ও কণ্ঠস্বর তুলে ধরা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে ১৬ কূটনৈতিক মিশন। একই সঙ্গে, বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ অব্যাহত রাখার কথাও জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন