প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : দেশের পুঁজিবাজারে বড় ও ভালো মানের বেসরকারি কোম্পানিগুলোকে আকৃষ্ট করার লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বিধিমালায় ব্যাপক পরিবর্তন আনছে। কোম্পানিগুলোর তালিকাভুক্তির প্রক্রিয়া সহজীকরণ, শেয়ারের সঠিক মূল্য নির্ধারণ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানো এবং বাজারের সরবরাহ ও চাহিদা শক্তিশালী করার জন্য একগুচ্ছ সংস্কার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান কার্যালয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) নতুন অফিস উদ্বোধন উপলক্ষে ‘নতুন আইপিও সুযোগ: বাংলাদেশের পুঁজিবাজারে বড় অ-তালিকাভুক্ত কোম্পানিগুলোকে অন্তর্ভুক্তির যৌক্তিকতা’ শীর্ষক এক অনুষ্ঠানে এ তথ্য জানান।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশের পুঁজিবাজারের বাজার মূলধন বর্তমানে জিডিপির তুলনায় প্রায় ৮ শতাংশ। এই অবস্থার পরিবর্তনে ভালো কোম্পানিগুলোকে দ্রুত পুঁজিবাজারে আনতে হবে। এজন্য একদিকে আইপিওর মাধ্যমে শেয়ারের সরবরাহ বাড়াতে হবে, অন্যদিকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণও শক্তিশালী করতে হবে।
মাসুদ খান বলেন, নতুন আইপিও বিধিমালায় সম্পূর্ণ বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারের মূল্য নির্ধারণ, সাধারণ বিনিয়োগকারীদের জন্য লটারি পদ্ধতিতে শেয়ার বরাদ্দ, মিউচুয়াল ফান্ডের অংশগ্রহণ বাড়ানো এবং বড় আইপিওর ক্ষেত্রে বুক রানিং পদ্ধতি চালুর প্রস্তাব করা হয়েছে।
তিনি জানান, ৫০০ কোটি টাকার বেশি মূলধন সংগ্রহ করতে আগ্রহী কোম্পানিগুলোর জন্য বুক রানিং পদ্ধতি চালুর পরিকল্পনা রয়েছে। এই পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের আগ্রহ ও পছন্দের মূল্য জানাবেন। এর মাধ্যমে শেয়ার ছাড়ার আগে কোম্পানিগুলো বাজারের চাহিদা সম্পর্কে ধারণা পাবে।
প্রস্তাবিত বিধিমালায় যোগ্য বিনিয়োগকারীরা সর্বোচ্চ দুই শতাংশ শেয়ারের জন্য আবেদন করতে পারবেন। কাট-অফ মূল্য নির্ধারণের পর সর্বোচ্চ দরদাতারা তাদের নিজ নিজ প্রস্তাবিত দামে শেয়ার পাবেন। পূর্বে সব সফল দরদাতাকে কাট-অফ মূল্যে শেয়ার দেওয়ার যে ব্যবস্থা ছিল, তা পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।
সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আইপিও শেয়ার বরাদ্দে লটারি পদ্ধতি চালু এবং মিউচুয়াল ফান্ডকে যোগ্য বিনিয়োগকারী শ্রেণি থেকে সাধারণ বিনিয়োগকারী শ্রেণিতে স্থানান্তর করে নির্দিষ্ট বরাদ্দ রাখার পরিকল্পনাও রয়েছে।
শেয়ারের মূল্য নির্ধারণের ক্ষেত্রে নির্দেশক মূল্যের ৫০ শতাংশ নিচে ও ৫০ শতাংশ ওপরে দরপ্রস্তাবের সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি ইস্যু ম্যানেজারদের জন্য চারটি পৃথক মূল্যায়ন পদ্ধতি ব্যবহারের বাধ্যবাধকতা তুলে দিয়ে উপযুক্ত পদ্ধতি নির্বাচনের স্বাধীনতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে নির্বাচিত মূল্যায়ন পদ্ধতির যৌক্তিকতা ব্যাখ্যা ও সমর্থনের দায়িত্ব ইস্যু ম্যানেজারকেই নিতে হবে।
বড় কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে লোয়ার্ড লিস্টিং পদ্ধতি চালুর উদ্যোগের কথাও জানান বিএসইসি চেয়ারম্যান। তিনি বলেন, বিকাশের মতো বড় কোম্পানিও এ পদ্ধতিতে পুঁজিবাজারে আসার সুযোগ বিবেচনা করতে পারে। এ ক্ষেত্রে দেশের ও বিদেশের বাজারের মধ্যে প্রয়োজনীয় প্রযুক্তিগত সমন্বয় ও এপিআই সংযোগ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, বিদেশি আন্ডার রাইটারদেরও বাংলাদেশের আইপিও প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার প্রস্তাব করা হচ্ছে। পাশাপাশি আইপিও থেকে সংগৃহীত অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ঋণ পরিশোধে ব্যবহারের সুযোগ এবং দুই দফা ঋণ পুনর্গঠন করা কোম্পানিকে আইপিওতে আসার যোগ্যতা দেওয়ার বিষয়টি কমিশন বিবেচনা করছে।
কোম্পানির আর্থিক সক্ষমতা মূল্যায়নে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহকে বেশি গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মুনাফা একটি ধারণা, কিন্তু নগদ অর্থ বাস্তবতা। পরিচালন কার্যক্রম থেকে আসা নগদ প্রবাহের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে।’ দীর্ঘমেয়াদি বিনিয়োগনির্ভর শিল্পপ্রতিষ্ঠানের পুঞ্জীভূত লোকসানের ক্ষেত্রেও বিশেষ বিবেচনার সুযোগ রাখা হবে।
মাসুদ খান বলেন, অনেক বেসরকারি কোম্পানি মনে করে পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে তাদের নিয়ন্ত্রণ হারাতে হবে। কিন্তু তালিকাভুক্তির মাধ্যমে কোম্পানিগুলো নিজেদের বাজারমূল্য প্রতিষ্ঠা, পরবর্তী গণপ্রস্তাব ও রাইট শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহ এবং করপোরেট সুশাসন উন্নয়নের সুযোগ পায়। পারিবারিক ব্যবসায় মালিকানা হস্তান্তর ও উত্তরাধিকার ব্যবস্থাপনাও সহজ হয়।
তিনি আরও বলেন, স্পনসর ও পরিচালকদের হাতে থাকা শেয়ার হস্তান্তরের বিদ্যমান বিধিনিষেধ শিথিল করার বিষয়টি বিবেচনা করছে কমিশন। নির্দিষ্ট শর্তে নিজেদের মধ্যে এবং বাইরের বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বাজারের চাহিদা বাড়াতে মিউচুয়াল ফান্ড শিল্পকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে বিএসইসি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের পুঁজিবাজারে প্রায় ৯০ শতাংশ বিনিয়োগকারী খুচরা বিনিয়োগকারী। তাদের অনেকেরই শেয়ারের মূল্যায়ন ও কোম্পানির আর্থিক অবস্থা বিশ্লেষণের প্রয়োজনীয় দক্ষতা নেই। এ ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড প্রাতিষ্ঠানিক ও দক্ষ বিনিয়োগের ভিত্তি তৈরি করতে পারে।
তিনি জানান, লাইসেন্সপ্রাপ্ত মিউচুয়াল ফান্ড বিক্রয় প্রতিনিধি নিয়োগ এবং নতুন আইপিও বিধিমালায় মিউচুয়াল ফান্ডের বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করে স্টক এক্সচেঞ্জে সুকুকের সেকেন্ডারি বাজারে লেনদেন চালুর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
পুঁজিবাজারের অন্যান্য সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, আগামী বছরের ৪ জানুয়ারি টি+১ সেটেলমেন্ট ব্যবস্থা চালুর সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ইন্ট্রাডে ট্রেডিং ও স্ক্রিপ নেটিং চালুর প্রস্তাব অনুমোদন করেছে কমিশন। পরিচালনা পর্ষদের সভার আগে শেয়ার লেনদেনের ওপর আরোপিত বিধিনিষেধের সময়সীমা কমানোর বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে।
বেসরকারি কোম্পানিগুলোর বাস্তব সমস্যার সমাধানে কমিশনের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগের প্রক্রিয়া সহজ করায় আগে যেখানে দুই থেকে তিন মাস সময় লাগত, এখন তা কমে দুই থেকে তিন সপ্তাহে নেমে এসেছে। ডিজিটাল এজিএম আয়োজনের যোগ্যতার শর্তও শিথিল করা হয়েছে।
তিনি বলেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে শুধু বিধিবিধান প্রণয়ন নয়, বাজারের অংশীজনদের জন্য সহায়ক ভূমিকা পালন করাও কমিশনের দায়িত্ব। এ জন্য নতুন বিধিমালা প্রণয়নের আগে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হচ্ছে এবং জনমত যাচাইয়ের পর চূড়ান্ত খসড়াও অংশীজনদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
আইপিও প্রক্রিয়ার নথিপত্র যাচাইয়ের জটিলতা কমাতে এক্সটেন্ডেড অডিট ব্যবস্থা চালুর কথা জানিয়ে তিনি বলেন, এ ব্যবস্থায় নিরীক্ষক ও ইস্যু ম্যানেজার উভয়ের ওপর যথাযথ যাচাই-বাছাইয়ের দায়িত্ব থাকবে। বিশেষ করে কোম্পানির মূলধন গঠন ও ঋণসংক্রান্ত তথ্য যথাযথভাবে যাচাই করতে হবে।
এ ছাড়া আইপিও-সংক্রান্ত নিরীক্ষার জন্য অডিটর তালিকাভুক্তির নতুন কাঠামোর কাজ সম্পন্ন হয়েছে। নির্ধারিত মানদণ্ডে সর্বোচ্চ নম্বর পাওয়া নিরীক্ষকরাই এ ধরনের নিরীক্ষা পরিচালনার যোগ্য হবেন। আর্থিক উপদেষ্টাদের লাইসেন্সের আওতায় আনতে নতুন বিধিমালার খসড়াও প্রস্তুত করা হয়েছে।
বিএসইসি চেয়ারম্যান বলেন, বড় কোম্পানিগুলো স্বেচ্ছায় পুঁজিবাজারে না এলে ভবিষ্যতে নির্দিষ্ট মানদণ্ডের আওতায় কিছু কোম্পানির জন্য তালিকাভুক্তি বাধ্যতামূলক করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ লক্ষ্যে পাবলিক ইন্টারেস্ট কোম্পানির ধারণা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত শর্তে এসব কোম্পানি মূলধন সংগ্রহের অনুমোদন চাইলে তাদের তালিকাভুক্ত হওয়ার শর্ত দেওয়া হতে পারে।
তিনি বলেন, পুঁজিবাজারের উন্নয়নে কমিশন কোম্পানি, বাজারের মধ্যস্থতাকারী ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে। সবার গঠনমূলক মতামত ও সহযোগিতার মাধ্যমে একটি স্বচ্ছ, কার্যকর ও ব্যবসাবান্ধব পুঁজিবাজার গড়ে তোলাই কমিশনের লক্ষ্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন