প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আবদুল মোতালেব নামের এক কিশোরের হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে দশ দিনের রিমান্ড চাওয়ার জন্য আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) মো. সুজন হক এই আবেদনটি করেন। এই আবেদনের শুনানি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন এ বিষয়টি নিশ্চিত করেন এবং জানান, আসামির আদালতে এখনো হাজিরা হয়নি। আসামির উপস্থিতিতে সিএমএম কোর্টে এই আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।
আবেদনে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাঈদ খোকনের মামলার ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তিনি আন্দোলন দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তার নির্দেশে ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালান এবং তিনি অর্থ ও অস্ত্রের জোগান দেন।
আবেদনে আরও বলা হয়েছে, সরকার পতনের পরেও সাঈদ খোকন ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে ঝটিকা মিছিলের আয়োজন করছিলেন এবং পলাতক শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছিলেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এর আগে, আজ সকালে ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এরপর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা আবদুল মোতালেব নামের কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যান। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমণ্ডি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়েছে। এ মামলার ২৯ নম্বর এজাহারনামীয় আসামি হলেন সাঈদ খোকন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন