প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানে ইসরাইল আবারও যোগ দেওয়ার জন্য প্রস্তুত। তবে এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সবুজ সংকেতের জন্য অপেক্ষা করছে তেল আবিব।
ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কান-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এই প্রতিবেদনে উল্লিখিত হয়েছে, ইসরাইলের কিছু নীতিনির্ধারক ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে নতুন করে হামলা চালাতে চান, যা যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের সুযোগ হতে পারে। তবে তারা ট্রাম্প প্রশাসনের অনুমোদনের অপেক্ষায় রয়েছেন।
জেরুজালেমের কর্মকর্তাদের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্টও একই ধরনের তথ্য দিয়েছে। জেরুজালেমের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভবিষ্যতে ইরানে হামলায় অংশ নিতে এবং যুদ্ধ সম্পূর্ণরূপে পুনরায় শুরু করতে ইসরাইল আগ্রহী।
গত বুধবার যুক্তরাষ্ট্র ইরানে হামলা শুরু করার পূর্বে একজন কর্মকর্তা বলেন, ‘প্রয়োজন হলে আমরা আবারও তা করতে প্রস্তুত।’ তিনি আরও বলেন, ‘মানুষকে আবার বাঙ্কার আরো আশ্রয় নিতে বাধ্য করতে আমরা আগ্রহী নই। কিন্তু ইরানে যা ঘটছে, সেটিও আমরা উপেক্ষা করতে পারি না।’
ইসরাইলি ওই কর্মকর্তা বলেন, ‘যদি সেটাই আমাদের দিতে হওয়া মূল্য হয়, তাহলে সেই পরিস্থিতিও আমরা মেনে নেব।’ তবে ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখন পর্যন্ত ইসরাইল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাওয়া যায়নি।
গত মঙ্গল ও বুধবার ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার পর বৃহস্পতিবারও দেশটির দক্ষিণাঞ্চলে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, গতকালের এই হামলার পেছনে মার্কিন বাহিনী জড়িত ছিল না। এখনও পর্যন্ত কোনো দেশ বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
বুধবার সকালে ইরানি কর্মকর্তারা জানান, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে একাধিক হামলার জবাবে ওয়াশিংটন যে হামলা চালিয়েছিল, তার পাল্টা প্রতিশোধ হিসেবে বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান এবং ইরাকে মার্কিন সামরিক ঘাঁটি ও অন্যান্য স্থাপনায় হামলা করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন