প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হৃদযন্ত্রে দুটি রিং (স্টেন্ট) বসানোর পর হাসপাতাল থেকে বাসায় ফিরে এসেছেন। তিনি মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে মিন্টো রোডের বাসায় ফেরেন।
সূত্রে জানা গেছে, স্বাস্থ্যমন্ত্রী গত ১৪ নভেম্বর থেকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি ছিলেন। এই সময়ে সরকারের বিভিন্ন মন্ত্রী ও দায়িত্বশীলরা তাকে দেখতে গেলেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত তাকে দেখতে যাননি।
এছাড়া, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর অসুস্থতা নিয়ে তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে জানা গেছে। প্রতিমন্ত্রীর এই অনুপস্থিতি রাজনৈতিক ও সংশ্লিষ্ট মহলে আলোচনা সৃষ্টি করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, ১৪ নভেম্বর সকালে স্বাস্থ্যমন্ত্রী বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এনজিওগ্রাম পরীক্ষায় তার হৃদযন্ত্রের তিনটি স্থানে ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে ১৫ নভেম্বর বিকেলে দুটি ব্লকে রিং (স্টেন্ট) বসানো হয় এবং অপর ব্লকটিতে বেলুন এনজিওপ্লাস্টির মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।
অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে তার চিকিৎসা সম্পন্ন করেন। বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ থাকলেও তিনি দেশেই চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেন, যা দেশের চিকিৎসকদের ওপর তার আস্থার প্রতিফলন।
মন্ত্রী অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন। সরকারদলীয় একাধিক মন্ত্রী ও সংসদ সদস্যও তাকে দেখতে যান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই সচিব, অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও হাসপাতালে গিয়ে খোঁজখবর নেন।
জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)সহ একটি প্রতিনিধিদল স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান।
এছাড়া, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (স্বাস্থ্য) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ এবং সংগঠনটির সহসভাপতি অধ্যাপক ডা. আবুল কেনানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা তাকে দেখতে যান।
সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হাসপাতালে ফুল পাঠিয়ে স্বাস্থ্যমন্ত্রীর প্রতি শুভেচ্ছা ও সহমর্মিতা জানান।
তবে, সরকারী বিভিন্ন মন্ত্রী ও দায়িত্বশীলরা স্বাস্থ্যমন্ত্রীকে দেখতে গেলেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত তাকে দেখতে যাননি। এ নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা তৈরি হয়েছে।
প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের বক্তব্য জানা সম্ভব হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন