প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন চিকিৎসক কর্মকর্তাদের বদলি ও পদায়নের ক্ষেত্রে অনলাইন আবেদন এখন থেকে বাধ্যতামূলক করা হয়েছে। ম্যানুয়াল বা হাতে লেখা আবেদন আর গ্রহণ করা হবে না।
স্বাস্থ্য অধিদপ্তর ১৬ নভেম্বর এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে অধিদপ্তরের আওতাধীন ষষ্ঠ গ্রেডের সব কর্মকর্তা (জুনিয়র কনসালট্যান্ট ও সহকারী অধ্যাপক ব্যতীত) এবং নবম গ্রেডের সব চিকিৎসক কর্মকর্তার জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১০ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে প্রশাসন শাখার সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাস্থ্যসেবা কার্যক্রমের সুষ্ঠু পরিচালনা, প্রশাসনিক কাজে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন নির্দেশনার আওতায়, বদলি বা পদায়নের আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনলাইনে অগ্রায়ণ করে স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখায় পাঠাতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবেদনগুলো যৌক্তিকভাবে বিবেচনা করে নির্ধারিত সময়ের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে কোনো ম্যানুয়াল বা হাতে লেখা আবেদন গ্রহণ করা হবে না।
এখন পর্যন্ত বদলি বা পদায়নের আদেশ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে আগের কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে অর্জিত ছুটি, মাতৃত্বকালীন ছুটি কিংবা বুনিয়াদি প্রশিক্ষণে থাকা কর্মকর্তাদের জন্য কিছুটা ভিন্ন নির্দেশনা রয়েছে। তাদের ছুটি বা প্রশিক্ষণের অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পর আগের কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
বদলি কার্যকরে প্রতিষ্ঠানপ্রধানদের জন্যও নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়েছে, যৌক্তিক কারণ ছাড়া বদলিকৃত কোনো কর্মকর্তাকে বর্তমান কর্মস্থলে সাত কর্মদিবসের বেশি রাখা যাবে না। সাত কর্মদিবস অতিবাহিত হওয়ার পরদিনই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে তাকে অবমুক্ত করতে হবে।
নতুন কর্মস্থলে যোগদান বা অবমুক্তির ক্ষেত্রে প্রশাসনিক কোনো সমস্যা দেখা দিলে যথাযথ কর্তৃপক্ষের অগ্রায়ণপত্রসহ আবেদন করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্মকর্তা বিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন।
বদলি বা পদায়নের আদেশ পুনর্বিবেচনার আবেদনও পদে যোগদানের পর গ্রহণ করা হবে। তবে আদেশে তথ্যগত বা প্রশাসনিক কোনো জটিলতা থাকলে যোগদানের আগে স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করা যাবে।
এ ছাড়া শিক্ষা প্রেষণ বা ছুটি শেষে কর্মস্থলে ফেরার অপেক্ষায় থাকা ওএসডি চিকিৎসক কর্মকর্তাদের সাত কর্মদিবসের মধ্যে যোগদান এবং অনলাইনে পদায়নের আবেদন করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বদলি-পদায়নসহ অন্যান্য প্রয়োজনে স্বাস্থ্য অধিদপ্তরে আসার আগে নিজ কর্মস্থল থেকে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের ছুটি বা অনুমোদনপত্র সংগ্রহ করতে হবে। প্রয়োজনে অধিদপ্তরে তা প্রদর্শন করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন