প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে খাদ্যে ভেজাল করে বাজারজাত করার অভিযোগে দুই তিল ব্যবসায়ীকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেছে। জরিমানার অর্থ অনাদায়ে প্রত্যেক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) পরিচালিত অভিযানে দণ্ডপ্রাপ্তরা হলেন জামালপুর বাজারের তিল ব্যবসায়ী মোহাম্মদ শহীদুল ইসলাম বিশ্বাস (৬২) ও আব্দুল হাই বিশ্বাস (৫৫)।
জানা গেছে, ওই দুই ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার জন্য সাদা তিলে রাসায়নিক রং ব্যবহার করে কালো তিল হিসেবে বাজারজাত করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাদের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় শহীদুল ইসলাম বিশ্বাসের প্রতিষ্ঠান থেকে রাসায়নিক পদার্থ দিয়ে রং করা ১৯ বস্তা তিল জব্দ করা হয়।
অভিযানের একপর্যায়ে অপর ব্যবসায়ী আব্দুল হাই বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালিয়ে সেখানে তিল রং করার কাজে ব্যবহৃত এক বোতল রং এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরে জব্দকৃত ১৯ বস্তা তিল বহরপুর বাজারে মাসুম মণ্ডলের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নিয়ে আসা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালতের সামনে অভিযুক্ত দুই ব্যবসায়ী নিজেদের অপরাধ স্বীকার করেন।
অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাদের দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে প্রত্যেককে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
ব্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসনের রাজস্ব ডেপুটি কালেক্টর (আরডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. আসিকুর রহমান।
অভিযানে সহযোগিতা করেন রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আসিফুর রহমান, বালিয়াকান্দি উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর পনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্যে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে। ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারে এমন কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন