প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লা শহরের সালাউদ্দিন মোড়ে চলন্ত মিশুকের মধ্যে ছুরি দেখিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীর কাছ থেকে পাঁচ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। অন্য ছিনতাইকারীরা টাকা নিয়ে পালিয়ে গেছে।
শনিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার সময় সালাউদ্দিন মোড়ের একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থী ফাহিম মিয়া সরকার, যিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, জানান, সন্ধ্যা ছয়টার দিকে টিউশন শেষ করে কান্দিরপাড় থেকে মিশুকে করে টমছম ব্রিজের দিকে যাচ্ছিলেন। সালাউদ্দিন মোড়ে যানজটের কারণে মিশুকটি ধীরগতিতে চলছিল, এমন সময় হঠাৎ দুই ব্যক্তি তাতে উঠে পড়েন। তারা ছুরি দেখিয়ে তার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন দিতে বলেন। ফাহিম টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা জোরপূর্বক তার কাছে থাকা টিউশনের টাকা ছিনিয়ে নেয়।
ফাহিম বলেন, ‘টিউশন থেকে আজকেই পাঁচ হাজার টাকা পেয়েছিলাম। এর সঙ্গে ব্যক্তিগত টাকাও ছিল। টাকা নিয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে আমি পেছন থেকে তাদের ধরার চেষ্টা করি। সালাউদ্দিন মোড় থেকে একটু ভেতরের দিকে গেলে স্থানীয় লোকজন একজনকে ধরে ফেলেন। অন্যজন টাকা নিয়ে পালিয়ে যায়।’
পরে স্থানীয় লোকজন আটক ব্যক্তিকে মারধর করেন। প্রথমে তাকে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। পুলিশের এক উপপরিদর্শক (এসআই) জানান, আটক ব্যক্তির নাম বাদশাহ।
এ ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী থানায় অভিযোগ দায়ের করেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় কয়েকজন জড়িত ছিল। তাদের মধ্যে একজনকে শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের সহায়তায় আটক করা হয়েছে। তাকে প্রথমে চিকিৎসার জন্য কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে কোতোয়ালি থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।’
এমই
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন