প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পেপ গার্দিওলা, দীর্ঘ কোচিং ক্যারিয়ারের পর বর্তমানে ফুটবল থেকে দূরে সময় কাটাচ্ছেন। তবে বিরতি শেষে আবারও কোচিংয়ে ফিরতে আগ্রহী তিনি। এবার ক্লাব ফুটবলের পরিবর্তে কোনো জাতীয় দলের দায়িত্ব নেওয়ার দিকে নজর দিয়েছেন। ইতালি জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার বিষয়টি এখনও তাকে বিব্রত করে।
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোমারিওর ব্যক্তিগত চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে গার্দিওলা তার ভবিষ্যৎ পরিকল্পনা ও ইতালির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ তুলে ধরেন। তিনি জানান, ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়ার পর মানসিক ও শারীরিকভাবে বিশ্রাম নেওয়া জরুরি হয়ে পড়েছিল। সেজন্যই ইতালির মতো দলের দায়িত্ব নেওয়ার সুযোগ পেয়েও তিনি রাজি হননি।
২০১৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা এক দশক ম্যানচেস্টার সিটির ডাগআউটে ছিলেন গার্দিওলা। এই সময়ে তিনি দলটিকে ছয়টি প্রিমিয়ার লিগ, তিনটি এফএ কাপ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়েছেন।
ইতালির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গে গার্দিওলা বলেন, “এই প্রথম বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলছি। তাদের সঙ্গে আমার আলোচনা হয়েছিল। ইতালির মতো একটি দেশকে না বলতে গিয়ে আমি বিব্রত হয়েছি। দেশটির জাতীয় দলের কোচ হওয়া আমার ক্যারিয়ারের অন্যতম বড় সম্মান হতে পারত। কিন্তু তখন আমার মনে হয়েছিল, এবার থামা দরকার। দুই বছর আগে তারা প্রস্তাব দিলে হয়ত আমি রাজি হয়ে যেতাম।”
তিনি আরও জানান, পাওলো মালদিনি ও লিওনার্দোর মতো ব্যক্তিত্বরা যখন তার সঙ্গে যোগাযোগ করেছিলেন, তখন বিরতি নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসা সম্ভব ছিল না। দীর্ঘ ১৮ বছরের কোচিং ক্যারিয়ারে প্রায় প্রতি তিন দিন পরপর ম্যাচের প্রস্তুতি ও ব্যস্ত সূচির মধ্যে থাকতে হয়েছে তাকে। তাই নিজের জন্য কিছুটা সময় বের করাই ছিল তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তবে কোচিংয়ে ফেরার ক্ষেত্রে জাতীয় দলের দায়িত্বকেই সম্ভাব্য পরবর্তী গন্তব্য হিসেবে দেখছেন ৫৫ বছর বয়সি গার্দিওলা। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি জানি না ভবিষ্যতে কোথায় ফিরব। তবে এমন একটি দলের কোচ হতে চাই, যাদের কখনো কোচিং করাইনি। সেটি একটি জাতীয় দল। আমার পরবর্তী পদক্ষেপ হয়ত এটাই হতে পারে।”
এদিকে, যুক্তরাষ্ট্র জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হয়েছেন মরিসিও পচেত্তিনো। তার বিদায়ের পর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন কোচ হিসেবে গার্দিওলার নামও আলোচনায় আসে। তবে দেশটির ফুটবল ফেডারেশনের একটি সূত্র জানিয়েছিল, তাকে প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করার মতো পরিস্থিতি তখনো তৈরি হয়নি। পচেত্তিনোর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র জাতীয় দলের দায়িত্ব নেওয়ার জন্য গার্দিওলার এটাই উপযুক্ত সময়।
আপাতত কোচিংয়ে ফেরার তাড়া নেই গার্দিওলার। নিজের বর্তমান জীবন নিয়ে সন্তুষ্ট এই স্প্যানিশ কোচ জানিয়েছেন, ভবিষ্যতে ফিরলেও তা হবে সম্পূর্ণ নিজের ইচ্ছায় এবং সঠিক সুযোগ পেলে। দীর্ঘদিনের ব্যস্ত কোচিং জীবন থেকে সাময়িক বিরতিটা তাই উপভোগ করছেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন