প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকায় শুরু হতে যাচ্ছে ১৭তম সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপ। আগামী ২৭ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে এই আট দিনের আন্তর্জাতিক প্রতিযোগিতা। এতে স্বাগতিক বাংলাদেশসহ ১৩ দেশের ১১৭ জন সামরিক কর্মকর্তা ও গলফার অংশগ্রহণ করবেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে আন্তর্জাতিক সামরিক ক্রীড়া সংস্থা (সিআইএসএম) এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে।
অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে— ব্রাজিল, কানাডা, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, স্পেন, নেদারল্যান্ডস, ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। এছাড়া, প্রতিযোগিতায় সিআইএসএম সদর দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।
প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন আগামী ২৮ নভেম্বর এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৩ ডিসেম্বর।
সিআইএসএম, অলিম্পিকের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রীড়া সংস্থা হিসেবে পরিচিত, ১৯৪৮ সালের ১৮ ফেব্রুয়ারি ফ্রান্সের নিস শহরে প্রতিষ্ঠিত হয়।
সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে ক্রীড়াচর্চার প্রসার, পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করাই সংস্থাটির মূল লক্ষ্য। বর্তমানে এই সংস্থাটির সদস্য দেশ ১৪২টি।
বাংলাদেশ ১৯৭৬ সালে সিআইএসএমের ৪১তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয় এবং এরপর থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সংস্থাটির বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছে।
এর আগে ২০২৪ সালে ঢাকায় তৃতীয় সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি আরচারি চ্যাম্পিয়নশিপ সফলভাবে আয়োজন করে বাংলাদেশ। এবার বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক সামরিক ক্রীড়াঙ্গনে নিজেদের সক্ষমতা তুলে ধরার আরেকটি সুযোগ পাচ্ছে দেশটি।
আইএসপিআর আরও জানায়, এ ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ও সাংগঠনিক সক্ষমতা আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারত্ব ও আতিথেয়তা তুলে ধরার পাশাপাশি দেশের ক্রীড়া ও পর্যটন সম্ভাবনা তুলে ধরার সুযোগ তৈরি হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন