প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চাল, ভোজ্য তেল, ডাল, চিনি ও অন্যান্য খাদ্যপণ্য পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ডিলার।
বৃহস্পতিবার (১৮ জুন) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, টিসিবির ডিলার ইসমাইল মোল্লার গোডাউন থেকে হঠাৎ ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন গোডাউনের ভেতরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এর আগেই গোডাউনে মজুদ থাকা চাল, ডাল, চিনি, ভোজ্য তেলসহ বিপুল পরিমাণ খাদ্যপণ্য পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইসমাইল মোল্লা বলেন, “দু’দিন আগে জনসাধারণের মাঝে বিতরণের জন্য বিপুল পরিমাণ খাদ্যপণ্য গোডাউনে মজুদ করা হয়েছিল। এমন দুর্ঘটনার আশঙ্কা থাকলে একসঙ্গে এত পণ্য সংরক্ষণ করতাম না।”
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, “ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় পাশের পাটের গোডাউনটি বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। অন্যথায় দুর্ঘটনাটি আরও ভয়াবহ রূপ নিতে পারত।”
অগ্নিকাণ্ডের খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া সাবাব বলেন, “কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। সরকারি পণ্য পুড়ে যাওয়ার ঘটনাটি নাশকতা নাকি স্বাভাবিক কোনো কারণে ঘটেছে, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন