প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার জন্য জড়িতদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তিনি উল্লেখ করেন, হত্যাকারীদের কোনো রাজনৈতিক দল, ধর্মীয় পরিচয় কিংবা অন্য কোনো পরিচয়ে আড়াল করার সুযোগ নেই। অপরাধী যে-ই হোক, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে হত্যাকারী হিসেবেই চিহ্নিত করতে হবে।
অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল, স্মরণসভা এবং চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আবু সুফিয়ান।
ডা. শাহাদাত হোসেন আরও বলেন, দীর্ঘ দুই বছরেও এই হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন না হওয়া অত্যন্ত উদ্বেগজনক। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা চিহ্নিত হয়ে কারাগারে রয়েছে। এখন দ্রুত বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ কেবল একজন আইনজীবী ছিলেন না, তিনি গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সম্মুখসারির একজন সাহসী কর্মী ছিলেন। গত ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম এবং ২৪ জুলাই গণ-অভ্যুত্থানে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার অবদান ও আত্মত্যাগকে কোনোভাবেই বিস্মৃত হওয়ার সুযোগ নেই।
হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে চসিক প্রশাসক বলেন, একটি হত্যাকাণ্ডের বিচার দীর্ঘ সময় ধরে ঝুলে থাকা ন্যায়বিচার প্রত্যাশী মানুষের জন্য হতাশাজনক। বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে এ ধরনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন হওয়া প্রয়োজন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারেক আহমেদের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আইনজীবী নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন