প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শিশুরা কেবল আগামীর ভবিষ্যৎ নয়, বরং আজকের পৃথিবীর জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক শিশুর কিছু স্বপ্ন থাকে। কেউ শিক্ষক হতে চায়, কেউ চিকিৎসক, আবার কেউ বিজ্ঞানী। আবার কেউ এমন একটি পৃথিবী চায়, যেখানে সবাই নিরাপদে বাঁচতে পারবে, নিজের মতো বেড়ে উঠতে পারবে এবং নিজের স্বপ্ন পূরণের সুযোগ পাবে। কিন্তু প্রশ্ন হলো, কি প্রত্যেক শিশু তার স্বপ্ন পূরণের সমান সুযোগ পাচ্ছে? আজকের শিশু দিবসের প্রতিপাদ্য প্রায় এসব বিষয়ই তুলে ধরেছে। ‘মাই ডে, মাই রাইটস, মাই ফিউচার’ শীর্ষক প্রতিপাদ্য নির্ধারণ করে ইউনিসেফ শিশুদের কথাটাই বলছে– আমার দিন, আমার অধিকার, আমার ভবিষ্যৎ।
প্রতিবছর ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস পালিত হয়। ১৯৮৯ সালের এই দিনে জাতিসংঘ শিশু অধিকার সনদ গৃহীত হয়েছিল। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, প্রত্যেক শিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, পরিচয়, মতপ্রকাশ, খেলাধুলা এবং বৈষম্যহীনভাবে বেড়ে ওঠার অধিকার রয়েছে। কিন্তু বাস্তবতা কি সেসব অধিকারের প্রতিফলন ঘটায়? বাংলাদেশের কোনো এক প্রত্যন্ত চরাঞ্চলের শিশু হয়তো এখনও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানোর সুযোগ খুঁজছে। নদীভাঙন কিংবা বন্যায় কোনো শিশুর পড়াশোনা বারবার ব্যাহত হচ্ছে। কোনো শিশু অর্থনৈতিক সংকটের কারণে শৈশবেই কাজের দায়িত্ব নিতে বাধ্য হচ্ছে। কোনো মেয়ে বাল্যবিবাহের ঝুঁকিতে রয়েছে। আবার কোনো প্রতিবন্ধী শিশু প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহায়ক পরিবেশের অভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে নিজের জায়গা খুঁজে পাচ্ছে।
শিশুদের বাস্তবতা শুধুমাত্র বাংলাদেশে সীমাবদ্ধ নয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ-সংঘাত, বাস্তুচ্যুতি, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য, বৈষম্য এবং ডিজিটাল বিভাজন শিশুদের স্বাভাবিক বেড়ে ওঠাকে বাধাগ্রস্ত করছে। কোথাও শিশুরা নিরাপদ আশ্রয়ের অপেক্ষায়; কোথাও শিক্ষার সুযোগ, আবার কোথাও নিজেদের মতপ্রকাশের স্বাধীনতার জন্য সংগ্রাম করছে। অথচ প্রত্যেক শিশুর অধিকার সমান। তার জন্মস্থান, আর্থিক অবস্থা, লিঙ্গ, ধর্ম, ভাষা কিংবা শারীরিক সক্ষমতা কোনোভাবেই তার অধিকার পাওয়ার পথে বাধা হতে পারে না।
প্রশ্ন হলো, শিশুদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় তাদের কথা কি আমরা শুনি? আমরা প্রায়ই শিশুদের জন্য পরিকল্পনা করি; তাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলি; তাদের কী হওয়া উচিত তা নির্ধারণ করি। কিন্তু কখনও কি তাদের জিজ্ঞেস করি, তারা আসলে কেমন ভবিষ্যৎ চায়?
একটি শিশু হয়তো বলবে, আমি এমন একটি স্কুল চাই, যেখানে সবাই সমানভাবে শিখতে পারবে। আরেকটি শিশু বলবে, আমি নিরাপদে খেলতে চাই। কেউ হয়তো বলবে, আমি চাই আমার প্রতিবন্ধী বন্ধুটিও আমার সঙ্গে একই শ্রেণিকক্ষে পড়ার সুযোগ পাক। আবার কেউ হয়তো শুধু এটুকুই চাইবে– আমি চাই, বড়রা আমার কথাগুলো মন দিয়ে শুনুক। এই ছোট ছোট চাওয়াই আমাদের মনে করিয়ে দেয়, শিশুদের মতামত কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং এটি তাদের মৌলিক অধিকার।
দেশের ভৌগোলিক অবস্থান, সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য কিংবা পারিবারিক আর্থিক সক্ষমতা শিশুর বেড়ে ওঠার অভিজ্ঞতাকে ভিন্ন করে তুলতে পারে। ঢাকার ব্যস্ত নগরজীবনে বেড়ে ওঠা শিশু; নদীভাঙনকবলিত কোনো চরাঞ্চলের শিশু; পাহাড়ি জনপদের কোনো শিশু কিংবা প্রতিবন্ধী শিশু– প্রত্যেকের শৈশবের গল্প আলাদা। তাদের প্রতিকূলতাও ভিন্ন। কারও সামনে অনেক সুযোগ, আবার কারও রয়েছে নানা সীমাবদ্ধতা। কিন্তু এই ভিন্নতা কখনোই তাদের অধিকারকে ভিন্ন করে দিতে পারে না।
পাশাপাশি জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ঝুঁকি, অনলাইন নিরাপত্তা, মানসিক সুস্থতা এবং শিশুদের প্রতি সহিংসতা ও শোষণ প্রতিরোধেও আমাদের সচেতন হতে হবে।
আমরা এমন একটি পৃথিবী চাই, যেখানে কোনো শিশুই তার অধিকার থেকে বঞ্চিত হবে না।
জেরিন তাসনিম: শিক্ষার্থী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর), ঢাকা বিশ্ববিদ্যালয়
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন