প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে খাবারের আউটলেটের এক সেলসম্যানের বিরুদ্ধে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমানের সঙ্গে যোগাযোগ করার পর ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ করেন যে তিনি বিরূপ মন্তব্য ও ক্ষোভের সম্মুখীন হয়েছেন।
ঘটনাটি ঘটে বুধবার (১১ নভেম্বর) দুপুর ২টায় সিলেট শহরের আম্বরখানা এলাকায়, যখন ভুক্তভোগী শিক্ষার্থী সমুচা ও বাখরখানি পার্সেল অর্ডার করেন। অভিযোগ অনুযায়ী, পার্সেল দেওয়ার সময় সেলসম্যান ইচ্ছাকৃতভাবে তার হাত ধরে জোর চাপ দেন এবং হাতের ওপর নিজের বুড়ো আঙুল ঘষতে থাকেন। পরে অশালীন ভঙ্গিতে মুখ সামনে এগিয়ে এনে জিজ্ঞেস করেন, ‘আর কিছু লাগবে ম্যাম?’
ভুক্তভোগী শিক্ষার্থী জানান, তিনি তাৎক্ষণিকভাবে হাত সরিয়ে প্রতিবাদ করলে সেলসম্যান চমকে যাওয়ার ভান করেন এবং বিষয়টি অস্বীকার করেন। তিনি উল্টো ধমকাতে থাকেন। আউটলেটের ম্যানেজারকে জানালে তিনি ‘বাদ দেন ম্যাডাম’ বলে বিষয়টি এড়িয়ে যান এবং সিসিটিভি ফুটেজ চেক করার জন্য কর্তৃপক্ষ বারবার অনুরোধ করা সত্ত্বেও তা করেননি।
এদিকে, আউটলেট থেকে বেরিয়ে সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমানকে ফোন করেন। প্রক্টর বিষয়টি শুনে বিরক্ত হয়ে বলেন, যে ব্যাড টাচ করেছে সেটা ভার্সিটির দেখার দায়িত্ব নাকি? তিনি বলেন, “সে কি আমার কম্পানিতে চাকরি করে?” এবং ঘটনার স্থান ক্যাম্পাসের বাইরে হওয়ায় প্রক্টর অফিসের দায়ভার অস্বীকার করেন। তিনি বলেন, আগে থানায় জিডি করতে হবে এবং তারপর প্রক্টর অফিসে অভিযোগ দিতে হবে।
ভুক্তভোগী ছাত্রী আরো জানান, পুরো সময়জুড়ে তিনি তাকে ধমকাচ্ছিলেন। যখন তিনি বলেন, “স্যার আমি মাত্রই একটা খারাপ ঘটনার শিকার হয়েছি, আপনার এমন কথায় আমার মন আরো খারাপ হয়ে যাচ্ছে,” তখন তিনি ধমক দিয়ে বলেন, “আমার মনের ভালো-খারাপের দায়িত্ব উনাদের দেওয়া হয়নি।”
প্রক্টরের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা না পেয়ে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপে নাম প্রকাশ না করে ‘যৌন হয়রানির শিকার এবং প্রক্টরের আচরণ’ শিরোনামে একটি পোস্ট দেন ওই শিক্ষার্থী। বিষয়টি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে তীব্র সমালোচনা ও ক্ষোভ সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে বিকেল ৫টায় ভুক্তভোগী ছাত্রীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ঘটনার বিষয়ে প্রক্টরের জবাবদিহি চেয়ে প্রক্টর অফিসে যান।
এসময় প্রক্টর অফিসে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম, বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক আ ফ ম জাকারিয়া, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকীসহ সহকারী প্রক্টররা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে, প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান নিজে অসুস্থ থাকার কথা উল্লেখ করে ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে করা আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন।
সার্বিক বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, “আমি চাচ্ছিলাম উনি উনার আচরণের বিষয়টি স্বীকার করুন। উনি বিষয়টি স্বীকার করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। আমার প্রত্যাশা থাকবে, ভবিষ্যতে কোনো শিক্ষার্থী প্রক্টর অফিসে সাহায্য চেয়ে যেন এমন হয়রানির শিকার না হন এবং প্রশাসন শিক্ষার্থীদের সমস্যাগুলো বুঝে পদক্ষেপ নেয়। এ ছাড়া হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হোক।”
হয়রানির সঙ্গে জড়িতের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, আইন অনুসারে ভুক্তভোগীকে আগে থানায় জিডি করতে হবে। জিডি করার পর আমাদের কাছে আবেদন করলে আমরা পুলিশকে চাপ প্রয়োগ করব, যাতে অভিযুক্তদের আইনের আওতায় এনে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়। জিডির আগে বিশ্ববিদ্যালয়ের বাইরে গিয়ে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার আমাদের নেই।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, “আমি ঢাকা থেকে ফেরার পথেই অভিযোগ আসা আউটলেটে গিয়েছি। তাদের ম্যানেজার ও সিলেট বিভাগের দায়িত্বে যিনি আছেন তার সঙ্গে যোগাযোগ করেছি। হয়রানির সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে যেন সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়। এ ছাড়া সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও জালালাবাদ থানার ওসির সঙ্গেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে কথা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন