প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ডেঙ্গু প্রতিরোধ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসাধারণের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়া পৌরশহরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে পৌরশহরের বিভিন্ন স্থানে ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ঝুড়ি, ঝাড়ু ও ব্রাশ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা এনজিও সমন্বয় কমিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযানের উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার। এ সময় তিনি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা এনজিও সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী ও পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বদরুল হোসেন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা এনজিও সমন্বয় কমিটির সহকারী সমন্বয়কারী ও প্রচেষ্টা সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মুক্তা রানী দেব।
কর্মসূচির বিশেষ অংশ হিসেবে উপজেলা এনজিও সমন্বয় কমিটির পক্ষ থেকে কুলাউড়া পৌরশহরের বিভিন্ন স্থানে ও দোকানপাটে বিনামূল্যে ময়লা-আবর্জনা রাখার ঝুড়ি, ঝাড়ু ও ব্রাশ বিতরণ করা হয়। এর মাধ্যমে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নিজ নিজ প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রতি উৎসাহিত করা হয়।
সভাপতির বক্তব্যে বদরুল হোসেন খান বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসন বা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের একার দায়িত্ব নয়; এটি একটি সম্মিলিত সামাজিক দায়িত্ব। নিজেদের বাড়িঘর, আঙিনা, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। উপজেলা এনজিও সমন্বয় কমিটির পক্ষ থেকে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠান সঞ্চালক মুক্তা রানী দেব বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, পরিচ্ছন্নতার অভ্যাসকে দৈনন্দিন জীবনের অংশ হিসেবে গড়ে তুলতে হবে। বিশেষ করে বাসাবাড়ি, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থল পরিষ্কার রাখার পাশাপাশি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টিম জার্নালিস্ট'স-এর উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক এম. মুক্তাদির হোসেন, বিশিষ্ট সমাজসেবক এফ এম ফারুকি, স্থানীয় সাংবাদিক, সমাজসেবক, কুলাউড়া পৌরশহরের ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির পাশাপাশি পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। অভিযানের মাধ্যমে সাধারণ মানুষকে মশার বংশবিস্তার রোধ, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখার বিষয়ে সচেতন করা হয়।
সংশ্লিষ্টরা মনে করেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মৌসুমভিত্তিক অভিযান নয়, বরং সারা বছর পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা অব্যাহত রাখা জরুরি। প্রশাসন, এনজিও, সামাজিক সংগঠন, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগই পারে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও ডেঙ্গুমুক্ত কুলাউড়া পৌরশহর গড়ে তুলতে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন