প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে ২৩ জুন এক সাংবাদিকের ওপর হামলার ঘটনাটি নিয়ে গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি এবং ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
বুধবার (২৪ জুন) পৃথক বিবৃতিতে দুই সংগঠনের নেতারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য অনুরোধ করেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাকিব আসলাম এবং সাধারণ সম্পাদক রবিউল আলম এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, গণতান্ত্রিক সমাজে সাংবাদিকরা জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাংবাদিকদের ওপর হামলা করা মানে সত্য এবং বস্তুনিষ্ঠ তথ্যপ্রবাহের ওপর আঘাত করা। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী এবং এটি একটি ফৌজদারি অপরাধ।
অন্যদিকে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম এবং সাধারণ সম্পাদক জুয়েল রানা এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করতে এবং মুক্ত সাংবাদিকতার পথ বন্ধ করতেই এমন কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে। পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা জানিয়েছেন, ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের বিক্ষোভ মিছিলের সমাপ্তির পর ব্রিফিং চলাকালে কতিপয় নেতাকর্মী সাংবাদিকদের ওপর চড়াও হন। এই ঘটনায় দৈনিক সকালের প্রতিবেদক মাহফুজুর রহমান শিশির আহত হয়েছেন।
বিবৃতিতে নেতারা আরো বলেন, অতীতে সাংবাদিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার না হওয়ায় গণমাধ্যমকর্মীরা বারবার হামলার সম্মুখীন হচ্ছেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
জানা গেছে, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের বিক্ষোভ মিছিল শেষে এই হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশির অভিযোগ করেছেন, জামায়াতের নেতা-কর্মীরাই তার ওপর হামলা চালিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন