প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। অতিথিদের জন্য রান্নাবান্নাও শেষ। কনেও বধূর সাজে প্রস্তুত। কিন্তু নির্ধারিত দিনে বরপক্ষ আসেনি বিয়ের অনুষ্ঠানে। অভিযোগ উঠেছে যে, যৌতুক হিসেবে দাবি করা বাড়তি অর্থ না পেয়ে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছেন বর ও তার পরিবারের সদস্যরা।
গতকাল শুক্রবার (২০ নভেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী কনে খয়রুন বেগম অভিযোগ করেছেন যে, প্রতারণা, অর্থ আত্মসাৎ ও যৌতুকের দাবিতে হুমকি দেওয়া হয়েছে এবং তিনি কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের সূত্র অনুযায়ী, কাউয়ারগলা গ্রামের মন্তু মিয়ার মেয়ে খয়রুন বেগম (৩৫) ওমানে অবস্থানকালে একই ইউনিয়নের জালালপুর গ্রামের ছোয়াব আলীর ছেলে আবাছ আলীর (৪০) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। প্রবাসে থাকাকালে বিভিন্ন সময় আবাছ আলীকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা দেন খয়রুন। প্রায় এক মাস আগে দেশে ফিরে আসার পর দুই পরিবারের সম্মতিতে শুক্রবার বিয়ের দিন নির্ধারণ করা হয়।
কনের পরিবারের অভিযোগ, বিয়ের আগে বরপক্ষ যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল দাবি করে। এর পরিপ্রেক্ষিতে বিয়ের আগের দিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বরের ভাইয়েরা কনের বাড়িতে এসে স্থানীয়দের উপস্থিতিতে মোটরসাইকেল কেনার জন্য তাদের হাতে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা তুলে দেন।
কনে খয়রুন বেগম জানান, বিয়ের দাওয়াতে আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। বরযাত্রীদের আপ্যায়ন ও আনুষঙ্গিক খাতে প্রায় ২ লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু শুক্রবার দুপুর গড়িয়ে গেলেও বরপক্ষ না আসায় তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তখন বরপক্ষ জানায় যে, মোটরসাইকেল কেনার জন্য আরো দেড় লাখ টাকা যৌতুক দাবি করা হচ্ছে। টাকা না দিলে বিয়ে হবে না বলেও তারা জানিয়ে দেয়। অনেক অনুরোধ করেও বরপক্ষকে রাজি করানো সম্ভব হয়নি।
খয়রুনের বড় ভাই মইন উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিয়ের দিন আমার বোনকে বধূ সাজে সাজানো হয়েছিল। সমাজের লোকজন দাওয়াত খেয়ে গেছেন, অথচ যৌতুকের জন্য বরপক্ষ এলো না। এখন সমাজে আমরা মুখ দেখাব কী করে? বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি।’
তবে বরপক্ষের ভাই ইয়াসিন মিয়া যৌতুক দাবির অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমরা এক টাকাও যৌতুক নিইনি। আমার ভাইয়ের পাওনা টাকা বাবদ ১ লাখ টাকা নিয়েছি। প্রবাসে আমার ভাই ও ওই নারী একসঙ্গে ছিলেন। মেয়ের আগের বিয়ে ও সন্তান আছে, তা জেনেও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল।’
এ বিষয়ে আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন জানান, ‘বিয়ের বিষয়ে কেউ আমাকে আগে কিছু জানায়নি। অসুস্থতার কারণে আমি যেতে পারিনি। পরে পুলিশের মাধ্যমে বিষয়টি জেনেছি। তবে সপ্তাহখানেক আগে টাকা লেনদেনের বিষয়টি বরপক্ষ আমাকে জানিয়েছিল।’
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ দাস জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সামাজিকভাবে মীমাংসার আশ্বাস দিয়েছেন। সামাজিকভাবে নিষ্পত্তি না হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন