প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরের কালকিনিতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী ঝাড়ু মিছিলও করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের মধ্যেরচর সাহেবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি বাড়িতে একা থাকা পাঁচ বছরের শিশুটিকে একই গ্রামের হাবুল শিকদার (৫৭) ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে হাবুল শিকদার আত্মগোপনে চলে যান। পরে মামলা না করার জন্য বিভিন্ন ব্যক্তির মাধ্যমে ভুক্তভোগী পরিবারকে আপস-মীমাংসার জন্য চাপ দেওয়ার অভিযোগ ওঠে।
এতে ক্ষুব্ধ হয়ে সোমবার সন্ধ্যায় স্থানীয় প্রায় পাঁচ শতাধিক মানুষ ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে অভিযুক্তের বিচারের দাবিতে ঝাড়ু মিছিল বের করেন। মিছিল শেষে বিক্ষুব্ধ জনতা হাবুল শিকদারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বলে জানা গেছে।
খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, “হাবুল শিকদার আমার শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করেছেন। বিচার চেয়েও বিচার পাইনি। পরে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী তার বাড়িতে অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় আমি থানায় অভিযোগ করেছি।”
অভিযুক্ত হাবুল শিকদার ও তার পরিবারের সদস্যদের বক্তব্য জানতে বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”
শাওন বল
মাদারীপুর
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন