প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সৌদি আরবের বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও চাকরি অব্যাহত রাখার জন্য ব্ল্যাঙ্ক চেকের আকর্ষণীয় প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে দেশের মাটিতে গবেষণার স্বপ্ন নিয়ে তিনি দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।
এই গবেষণার স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞান সংস্থা The World Academy of Sciences (TWAS) কর্তৃক ২০২৬ সালের ‘TWAS–Atta-ur-Rahman Award in Chemistry’ অর্জন করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবু রাশেদ। তিনি বাংলাদেশের চতুর্থ ব্যক্তি হিসেবে এই সম্মাননা অর্জন করেছেন।
পরিবেশের নমুনায় জৈব দূষণ শনাক্তকরণের জন্য সেমিকন্ডাক্টর মেটাল অক্সাইড ন্যানোস্ট্রাকচার ব্যবহার করে সাশ্রয়ী নন-এনজাইমেটিক ইলেকট্রোকেমিক্যাল সেন্সর উন্নয়নে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়েছে। উন্নয়নশীল বিশ্বের বিজ্ঞানীদের গবেষণায় অবদান ও উৎকর্ষকে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে TWAS-এর এই পুরস্কার বিশেষ গুরুত্ব বহন করে।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে ড. আবু রাশেদ বলেন, "বাংলাদেশের প্রেক্ষাপটে গবেষকদের কাজ সাধারণ মানুষের কাছে সেভাবে পরিচিতি পায় না। এ অবস্থায় আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া তাঁর জন্য আনন্দের ও অনুপ্রেরণার।" তবে তিনি এককভাবে এ অর্জনের কৃতিত্ব নিতে চাননি। গত পাঁচ বছর ধরে তাঁর সঙ্গে কাজ করা শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম ও গবেষণাপত্র প্রকাশে অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, "গবেষণার পথে নানা প্রতিবন্ধকতা থাকলেও আমি কাজ চালিয়ে গেছি।" তাঁর লক্ষ্য হলো কম খরচে সহজ ও কার্যকর প্রযুক্তি উদ্ভাবন করা, যা খাদ্য ও পরিবেশে অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশসহ বিভিন্ন দূষণ শনাক্তকরণে কাজে আসবে। ভবিষ্যতে দেশে গবেষণার পরিসর বাড়ানোর পাশাপাশি একটি আন্তর্জাতিক মানের ভৌত বিজ্ঞান ইনস্টিটিউট প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন তিনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম মন্তব্য করেন, "ড. আবু রাশেদের এ অর্জন নিঃসন্দেহে মাভাবিপ্রবির জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের।" আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের স্বীকৃতি শুধুমাত্র একজন গবেষকের ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি পুরো বিশ্ববিদ্যালয়ের গবেষণা সক্ষমতা ও একাডেমিক অগ্রগতির পরিচায়ক। তিনি বিশ্বাস করেন, তাঁর গবেষণাকর্ম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পরিচিতি ও র্যাঙ্কিং এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, "এ অর্জন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীদেরও গবেষণায় আগ্রহী ও অনুপ্রাণিত করবে।" বিশ্ববিদ্যালয়ে গবেষণার মানোন্নয়ন, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং গবেষকদের সহযোগিতায় প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি আশা করেন, মাভাবিপ্রবির গবেষকেরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য অর্জন করবেন এবং তাঁদের গবেষণার সুফল দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগবে।
এদিকে, ড. আবু রাশেদের এ অর্জন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শুভেচ্ছা জানান।
সৌদির প্রস্তাব ফিরিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণ
ড. আবু রাশেদের কর্মজীবনের একটি উল্লেখযোগ্য অধ্যায় সৌদি আরবের Najran University-তে গবেষক হিসেবে দায়িত্ব পালন করা। সেখানে Postdoctoral Research Fellow হিসেবে কাজ করার সময় তাঁর গবেষণার দক্ষতা ও অভিজ্ঞতার স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে তাঁকে সেখানে থেকে কাজ চালিয়ে যাওয়ার আকর্ষণীয় প্রস্তাব দেওয়া হয়।
তার বক্তব্য অনুযায়ী, এ প্রস্তাবে এমনকি ‘ব্ল্যাঙ্ক চেকের’ কথাও বলা হয়েছিল। তবে বিদেশে কাজের সুযোগ ও আর্থিক সুবিধার চেয়ে দেশে ফিরে দেশের ছাত্রদের নিয়ে গবেষণার মাধ্যমে অবদান রাখাকেই প্রাধান্য দেন তিনি। পরবর্তী সময়ে দেশে ফিরে মাভাবিপ্রবিতে গবেষণা কার্যক্রম চালিয়ে যান।
গবেষণা ও শিক্ষাজীবনে ড. আবু রাশেদ
ড. মো. আবু রাশেদের জন্ম ২১ মে ১৯৮৫ সালে মেহেরপুর জেলায়। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে রসায়নে স্নাতক (সম্মান) এবং ভৌত রসায়ন (ইলেকট্রোকেমিস্ট্রি) বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে জাপানের Japan Advanced Institute of Science and Technology (JAIST) থেকে Materials Science বিষয়ে ২০১৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনে ২০১৬ সালে মাভাবিপ্রবির রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। পরবর্তী সময়ে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২১ সালের ৩০ জুন থেকে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে সৌদি আরবের Najran University-তে Postdoctoral Research Fellow এবং জাপানের JAIST-এ Visiting Researcher হিসেবে কাজ করেছেন।
তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র Electro-analytical Chemistry, Electrochemical Sensor, Surface Chemistry, এবং Photo-chemical Sensor। Google Scholar-এর তথ্য অনুযায়ী, তাঁর প্রকাশিত আন্তর্জাতিক গবেষণাপত্রের সংখ্যা ৫১ টি। এর মধ্যে ২৯ টি Q1 জার্নালে প্রকাশিত। গবেষণাপত্রগুলোর মোট উদ্ধৃতির সংখ্যা ১ হাজার ৫৩৬ এবং H-index ২৫। এ ছাড়া তাঁর নামে যুক্তরাষ্ট্রের চারটি পেটেন্ট রয়েছে।
এছাড়াও গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি, United Group Research Award-2017 এবং মাভাবিপ্রবি Research Excellence Award-2026 ও Gold Medal 51 edition of Geneva Invention-2026 অর্জন করেছেন। তাঁর এ আন্তর্জাতিক অর্জন দেশের বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক গবেষণায় নতুন সম্ভাবনা তৈরি করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন