প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলোর সহায়তায় ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন বিশ্বখ্যাত আমেরিকান মডেল বেলা হাদিদ। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে এই অর্থ দিয়ে অস্থায়ী তাঁবুতে বসবাসরত ১০০টি পরিবারের জন্য জরুরি শীতকালীন আশ্রয়সামগ্রী সরবরাহ করা হবে।
বেলা হাদিদ ইনস্টাগ্রামে একটি পোস্টে জানান, ‘টেন্টস অব হোপ’-এর ‘উইন্টার টেন্ট কিটস ফর গাজা’ উদ্যোগের আওতায় তিনি এই অনুদান প্রদান করেছেন। এই উদ্যোগের মাধ্যমে পরিবারগুলোকে পানিরোধী তাঁবু, কম্বল এবং তোশক দেওয়া হচ্ছে, যা তাদের শীত থেকে রক্ষা করবে।
হাদিদ উল্লেখ করেন, তার এই অনুদানের ফলে ১০০টি পরিবারের জন্য পূর্ণাঙ্গ আশ্রয় কিটের ব্যবস্থা হবে। গাজার এই বিশাল আশ্রয় সংকটের পরিসংখ্যানের আড়ালে শীতের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা প্রতিটি পরিবারের দুর্দশা যেন চাপা পড়ে না যায়, সে বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন।
ত্রাণ সংস্থাগুলোর হিসাব তুলে ধরে তিনি জানান, গাজার জন্য অন্তত ৩ লাখ তাঁবুর প্রয়োজন, যাতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ন্যূনতম আশ্রয় পেতে পারে। তিনি সতর্ক করে বলেন, লাখ লাখ পরিবার তীব্র শীতের মধ্যে কেবল জীর্ণশীর্ণ তাঁবুর মধ্যে দিন কাটাচ্ছে।
এই মডেল পরিস্থিতিকে একটি চরম মানবিক সংকট হিসেবে বর্ণনা করে প্রশ্ন তোলেন, কেন ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে বাস্তুচ্যুত হয়ে তাঁবুতে বসবাস করতে বাধ্য করা হচ্ছে। তিনি পরিবারের অস্থায়ী আশ্রয়ের পাশাপাশি নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকারের ওপরও গুরুত্বারোপ করেন।
অনুসারীদের অনুদানে উৎসাহিত করতে হাদিদ প্রতিটি সামগ্রীর খরচের একটি হিসাব তুলে ধরেন। তিনি জানান, ২৫ ডলারে একটি পরিবারের জন্য কম্বল, ৩০ ডলারে একটি তোশক, ৭৫ ডলারে একটি তাঁবু পানিরোধী করার ব্যবস্থা এবং ২৫০ ডলারে একটি পূর্ণাঙ্গ তাঁবুর ব্যবস্থা করা সম্ভব। এমনকি এর চেয়ে ছোট অঙ্কের অনুদানও একটি আশ্রয় কিট তৈরিতে ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।
অনুসারীদের প্রতি এই আহ্বান ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি লেখেন, “আপনি যা-ই দিতে পারেন, সেটাই গুরুত্বপূর্ণ।” তিনি শিশু, পরিবার ও প্রাণীদের রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান, যাতে তারা তীব্র শীতে হাইপোথার্মিয়া এবং অন্যান্য ঝুঁকি থেকে নিরাপদে থাকতে পারে।
বেলা হাদিদের এই সাম্প্রতিক অনুদান ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে তার দীর্ঘদিনের প্রকাশ্য অবস্থানের ধারাবাহিকতা, যা গাজা যুদ্ধের বহু আগে থেকেই চলছে।
ফিলিস্তিনি বংশোদ্ভূত এই মার্কিন মডেল বরাবরই তার প্ল্যাটফর্ম ব্যবহার করে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি ও দুর্দশার কথা তুলে ধরেছেন, যার মধ্যে ১৯৪৮ সালের 'নাকবা'র সময় তার নিজ পরিবারের বাস্তুচ্যুত হওয়ার ইতিহাসও রয়েছে। তার বাবা মোহাম্মদ হাদিদ নাজারেথে জন্মগ্রহণ করেছিলেন।
এর আগে ২০২৪ সালের জুনে বেলা এবং তার বোন, আরেক জনপ্রিয় মডেল জিজি হাদিদ ফিলিস্তিনিদের সহায়তাকারী চারটি সংস্থায় যৌথভাবে ১০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছিলেন। সংস্থাগুলো হলো—হিল প্যালেস্টাইন, প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ড, ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন এবং ইউএনআরডব্লিউএ।
ফিলিস্তিনের পক্ষে সরব হওয়ার কারণে পেশাগত জীবনে কী ধরনের ক্ষতির মুখে পড়েছেন, তা নিয়েও কথা বলেছেন বেলা। ২০২২ সালের এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ফিলিস্তিনের প্রতি প্রকাশ্য সমর্থনের কারণে তিনি অনেক মডেলিংয়ের সুযোগ এবং বন্ধুত্ব হারিয়েছেন। তবে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তার পরিবারের ইতিহাস এবং ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কথা বলা তিনি কখনোই বন্ধ করবেন না।
গাজায় ব্যাপক বাস্তুচ্যুতি এবং তীব্র আশ্রয় সংকটের মধ্যে নতুন করে শীত জেঁকে বসার প্রেক্ষাপটে তিনি এই নতুন আহ্বান জানালেন।
আন্তর্জাতিক উদ্ধার কমিটির (আইআরসি) তথ্যমতে, চলতি মাসের শুরুর দিকে বয়ে যাওয়া এক শীতকালীন ঝড়ে প্রায় ২৬ হাজার পরিবারের তাঁবু ও আশ্রয়স্থল প্লাবিত হয়েছে। অথচ সেখানে আনুমানিক ১ লাখ ২১ হাজার তাঁবুর চাহিদার বিপরীতে ত্রাণ সংস্থাগুলোর কাছে মজুত ছিল মাত্র ২ হাজার ৮০০টি তাঁবু। গাজায় আশ্রয় তৈরির সরঞ্জাম প্রবেশে বিধিনিষেধ এই সংকটকে আরও প্রকট করে তুলছে বলেও সতর্ক করেছে সংস্থাটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন