প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মোবাইল, ল্যাপটপ অথবা কম্পিউটার—দিনের অধিকাংশ সময় এই পর্দার দিকে তাকিয়ে থাকতে হয় অনেকের। দীর্ঘ সময় স্ক্রিন ব্যবহারের ফলে চোখে অস্বস্তি এবং ক্লান্তি দেখা দিতে পারে। এই সমস্যা মোকাবিলায় অনেকে ডিভাইসে ডার্ক মোড চালু রাখেন। তাদের বিশ্বাস, কালো ব্যাকগ্রাউন্ডে সাদা লেখা পড়লে চোখের ওপর চাপ কম পড়ে। তবে, কি ডার্ক মোড আসলেই চোখের জন্য অধিক আরামদায়ক? আসুন, বিষয়টি জানার চেষ্টা করি।
বিশেষজ্ঞদের মতে, এই প্রশ্নের উত্তর নির্ভর করে আলো, পরিবেশ এবং ব্যক্তির দৃষ্টিশক্তির ওপর। সব সময় ডার্ক মোড ব্যবহার করলেই চোখের জন্য উপকার হবে, এমন নয়।
চোখের মণি বা পিউপিল আলোর পরিমাণ অনুযায়ী ছোট-বড় হয়। যখন আলো কম থাকে, তখন চোখের মণি বড় হয়, ফলে বেশি আলো চোখের ভেতরে প্রবেশ করে। কিন্তু, মণি বড় হলে কোনো বস্তুর ওপর দৃষ্টি স্থির রেখে স্পষ্ট দেখার ক্ষমতা কিছুটা কমে যেতে পারে। অন্যদিকে, যখন আলো বেশি থাকে, তখন মণি ছোট হয়ে যায় এবং লেখা বা ছবি তুলনামূলকভাবে স্পষ্ট দেখা যায়।
এই কারণে অন্ধকার ঘরে কালো ব্যাকগ্রাউন্ডে ছোট সাদা লেখা পড়লে চোখে বাড়তি চাপ পড়তে পারে। যদিও স্ক্রিন দেখতে আরামদায়ক মনে হয়, কিন্তু ছোট অক্ষর স্পষ্টভাবে পড়তে সমস্যা হতে পারে।
রাতে ঘরের সব আলো বন্ধ করে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করলে স্ক্রিনই আলোর প্রধান উৎস হয়ে যায়। এই অবস্থায় উজ্জ্বল সাদা স্ক্রিন চোখে বেশি ঝলমলে মনে হতে পারে। স্ক্রিন থেকে চোখ সরিয়ে আবার স্ক্রিনের দিকে তাকালে চোখের মণিকে বারবার আলোর সঙ্গে মানিয়ে নিতে হয়, যা অস্বস্তির সৃষ্টি করতে পারে। ডার্ক মোডে স্ক্রিনের আলো তুলনামূলক কম থাকে, ফলে অন্ধকার পরিবেশে এই অস্বস্তি কিছুটা কমে যেতে পারে।
২০২১ সালে IEEE Access জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, ডার্ক মোডে স্ক্রিন ব্যবহারের সময় মানুষ তুলনামূলকভাবে বেশি চোখের পলক ফেলেন। এই কারণে গবেষকেরা রাতে ডার্ক মোড ব্যবহারের পরামর্শ দিয়েছেন। তবে, গবেষণায় অংশগ্রহণকারীদের অনেকেই লাইট মোডে চোখের ক্লান্তি কম অনুভব করেছেন এবং এই মোডটি বেশি পছন্দ করেছেন।
রাতে ডার্ক মোড কতটা কার্যকর?
সন্ধ্যার পর উজ্জ্বল আলো, বিশেষ করে নীল আলো ঘুমের জন্য প্রয়োজনীয় হরমোন মেলাটোনিনের উৎপাদনে প্রভাব ফেলতে পারে। তবে স্ক্রিন থেকে কতটা নীল আলো আসছে, তা নির্ভর করে কী ধরনের কনটেন্ট দেখা হচ্ছে এবং স্ক্রিনের উজ্জ্বলতা কতটা রাখা হয়েছে তার ওপর।
সুতরাং, সন্ধ্যার পর মোবাইল বা ল্যাপটপের ব্রাইটনেস কমিয়ে রাখা ভালো। নাইট শিফট বা ব্লু-লাইট ফিল্টার ব্যবহার করা যেতে পারে। তবে ঘুমানোর আগে স্ক্রিন ব্যবহার এড়িয়ে চলাই সবচেয়ে ভালো অভ্যাস।
দিনের বেলায় কোন মোড ভালো?
দিনের আলো বা উজ্জ্বল অফিসের পরিবেশে সাদা ব্যাকগ্রাউন্ডে কালো লেখা পড়া সাধারণত সহজ। এর একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, যা ‘পজিটিভ পোলারিটি অ্যাডভান্টেজ’ নামে পরিচিত।
২০১৩ সালে Ergonomics জার্নালে প্রকাশিত এক গবেষণায় কমবয়সী এবং বয়স্ক—উভয় বয়সের মানুষের ক্ষেত্রে লাইট মোডে পড়ার সুবিধা দেখা গেছে। ২০১৪ সালে Human Factors জার্নালে প্রকাশিত আরেক গবেষণায় বলা হয়, অক্ষরের আকার যত ছোট হয়, লাইট মোডে পড়ার সুবিধা তত বেশি হয়। লাইট মোডে স্ক্রিনের সাদা অংশ থেকে বেশি আলো আসে, ফলে চোখের মণি ছোট থাকে এবং অক্ষর তুলনামূলকভাবে স্পষ্ট দেখা যায়।
সবার চোখের জন্য কি একই মোড ভালো?
সব মানুষের চোখের জন্য একই মোড সমান আরামদায়ক নয়। অ্যাস্টিগম্যাটিজমের মতো দৃষ্টিসংক্রান্ত সমস্যা থাকলে ডার্ক মোডে সাদা অক্ষরের চারপাশে আলোর আভা ছড়িয়ে পড়তে পারে। এতে অক্ষরগুলো ঝাপসা বা একটির সঙ্গে অন্যটি মিশে যাচ্ছে বলে মনে হতে পারে। আবার ছানির মতো কিছু সমস্যায় আক্রান্ত ব্যক্তির কাছে ডার্ক মোড তুলনামূলক আরামদায়ক হতে পারে। তাই কোন মোডে চোখ বেশি স্বস্তি পাচ্ছে, সেটিও বিবেচনায় রাখা জরুরি।
২০২৫ সালে International Journal of Environmental Research and Public Health জার্নালে ট্যাবলেট ব্যবহারকারীদের নিয়ে একটি গবেষণা প্রকাশিত হয়। এতে ৩০ জন নারী অংশ নেন। গবেষণায় ডার্ক মোড এবং লাইট মোড ব্যবহারের মধ্যে চোখের ক্লান্তির ক্ষেত্রে বড় কোনো পার্থক্য পাওয়া যায়নি। তবে ডার্ক মোড ব্যবহারে চোখের শুষ্কতার উপসর্গ তুলনামূলক কম দেখা গেছে।
তবে এই গবেষণার ফলের ভিত্তিতে ডার্ক মোডকে চোখের জন্য বেশি উপকারী বলা যায় না। কিছু পরিস্থিতিতে এটি আরাম দিতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে একই ফল নাও হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ডার্ক মোড স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে চোখের আরাম বাড়াতে পারে, বিশেষ করে কম আলোয়। কিন্তু ডিজিটাল ডিভাইস ব্যবহারের কারণে চোখের ওপর যে চাপ পড়ে, তা ঠেকানো সম্ভব নয়। বরং কারও কারও ক্ষেত্রে এই মোডে লেখা পড়তে অসুবিধা হতে পারে। ডার্ক মোড ব্যবহার করলেই চোখের শুষ্কতা বা রেটিনার ক্ষতি থেকে সুরক্ষা পাওয়া যায় না। চোখ ভালো রাখতে শুধু ডিভাইসের সেটিং পরিবর্তন করলেই হবে না। স্ক্রিন ব্যবহারের অভ্যাসেও পরিবর্তন আনতে হবে।
এ ক্ষেত্রে কয়েকটি বিষয় মেনে চলা উচিত—
- স্ক্রিন থেকে চোখের উপযুক্ত দূরত্ব বজায় রাখুন।
- ঘরের আলোর সঙ্গে মিলিয়ে স্ক্রিনের ব্রাইটনেস ঠিক করুন।
- নিয়মিত চোখের পলক ফেলুন।
- একটানা দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন না।
- চোখের ক্লান্তি কমাতে ২০-২০-২০ নিয়ম মেনে চলুন।
২০-২০-২০ নিয়ম কী?
ডিজিটাল স্ক্রিন ব্যবহারের কারণে চোখের ক্লান্তি কমাতে ২০-২০-২০ নিয়ম অনুসরণ করা যেতে পারে। এর মাধ্যমে কিছুক্ষণ পরপর কাছের স্ক্রিন থেকে চোখ সরিয়ে দূরের বস্তুর দিকে তাকানোর অভ্যাস তৈরি হয়।
নিয়মটি হলো, প্রতি ২০ মিনিট স্ক্রিনে কাজ করার পর অন্তত ২০ সেকেন্ডের জন্য ২০ ফুট বা প্রায় ৬ মিটার দূরের কোনো বস্তুর দিকে তাকাতে হবে। এই নিয়ম মেনে চলার জন্য মোবাইল বা কম্পিউটারে প্রতি ২০ মিনিট পরপর রিমাইন্ডার সেট করা যেতে পারে। জানালার বাইরে বা ঘরের অন্য প্রান্তে কোনো দূরের বস্তুর দিকে তাকান। এই সময় কয়েকবার চোখের পলক ফেলুন। এতে চোখের শুষ্কতা এবং অস্বস্তি কমাতে সাহায্য হতে পারে।
সব মিলিয়ে, বিকেলের পর কিংবা কম আলোয় ডার্ক মোড ব্যবহার করা যেতে পারে। দিনের বেলা বা উজ্জ্বল পরিবেশে লাইট মোডে লেখা পড়া সহজ হতে পারে। পাশাপাশি ঘরের আলোর সঙ্গে মিলিয়ে স্ক্রিনের উজ্জ্বলতা ঠিক রাখুন এবং লেখার আকার বড় করে নিন। মনে রাখতে হবে, চোখের আরামের জন্য শুধু ডার্ক মোড নয়, বরং স্ক্রিন ব্যবহারের সঠিক অভ্যাসই বেশি গুরুত্বপূর্ণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন