প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক মন্তব্য করেছেন যে, বিএনপি যদি আবার পুরোনো সুবিধাবাদী রাজনীতিতে ফিরে আসে, তবে ২০২৪ সালের বিপ্লবের মাধ্যমে উঠে আসা নতুন শক্তিই ভবিষ্যতের বাংলাদেশ পরিচালনা করবে।
তিনি জানান, বিএনপি যদি তাদের পুরোনো সুবিধাবাদী পন্থার রাজনীতিতে ফিরে যায়, তবে এবার বিএনপি নয়, বরং ২৪-এর জেগে ওঠা নতুন শক্তি দেশ পরিচালনার দায়িত্ব নেবে, ইনশাআল্লাহ।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের শহীদ আবদুস সালাম মিলনায়তনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। ‘গণভোটের গণরায়, জুলাই সনদ বাস্তবায়ন ও ফ্যাসিবাদ মোকাবেলায় আমাদের করণীয়’ শীর্ষক এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আমীরে শরীয়ত মাওলানা আবু জাফর কাসেমী।
সরকারের উদ্দেশ্যে আল্লামা মামুনুল হক বলেন, "বাহাত্তরপন্থী না আপনারা চব্বিশপন্থী? আগে আপনার কেবলা ঠিক করেন।" তিনি উল্লেখ করেন, "আপনারা যদি বাহাত্তরপন্থী হন, শেখ হাসিনা গেছে যেই পথে, বাহাত্তরপন্থী বাংলাদেশের সমস্ত অপশক্তি যাবে সেই পথে।"
জুলাই বিপ্লবের অভিপ্রায় ধারণ, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের বিষয়ে বিএনপিকে স্পষ্ট অবস্থান গ্রহণের আহ্বান জানান তিনি। আল্লামা মামুনুল হক বলেন, "বিএনপি যদি এসব বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেয়, তাহলে দেশের স্বার্থে তাঁরা স্বেচ্ছায় দলের পাশে দাঁড়াবেন।" এ প্রসঙ্গে তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি হিসেবে তিনি যদি তাঁর বাবার আদর্শ ও রক্তের প্রতি বিশ্বস্ততার পরিচয় দিতে পারেন, তাহলে ঐক্যের আহ্বান জানাতে হবে না, দলমত নির্বিশেষে দেশপ্রেমিক মানুষ তাঁদের সহযোগিতা করবে।"
বিএনপির ওপর দীর্ঘদিনের রাজনৈতিক নির্ভরশীলতার প্রসঙ্গ তুলে মামুনুল হক বলেন, ২০২৪ সালের বিপ্লবের আগে প্রায় ৫০ বছর ধরে আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের বিকল্প হিসেবে জনগণ বিএনপির ওপর নির্ভরশীল ছিল। তবে ২৪-এর বিপ্লব দেশের রাজনৈতিক বাস্তবতায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। ফলে, যদি কোনো দল পুরোনো সুবিধাবাদী রাজনীতিতে ফিরে যায়, তবে জনগণ বিকল্প শক্তির নেতৃত্বে দেশ পরিচালনার পথ বেছে নেবে।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি সব বাংলাদেশিকে দেশের নতুন বিপ্লবের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র মুহাম্মদ রাশেদ প্রধান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উলামা বিভাগের সেক্রেটারি ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁন এবং এনসিপির ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা সানাউল্লাহ খান প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন