প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে ও আল্ট্রাসনোগ্রামসহ বিভিন্ন পরীক্ষার সেবা স্বল্পমূল্যে বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। প্রয়োজনীয় জনবল সংকট এবং সরকারি ব্যবস্থাপনার বাইরে স্থানীয় উদ্যোগে পরিচালিত সেবার বৈধতা নিয়ে জটিলতার কারণে এসব সেবা বন্ধ রয়েছে। নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের রোগীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। বাধ্য হয়ে তাঁদের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে কয়েক গুণ বেশি টাকা খরচ করে পরীক্ষা করাতে হচ্ছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় যন্ত্রপাতি, সরকারি বরাদ্দ ও দক্ষ জনবলের সংকট বিদ্যমান ছিল। সরকারি ব্যবস্থাপনায় পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষার সুযোগ না থাকায় রোগীদের বাইরে গিয়ে পরীক্ষা করাতে হতো। এতে সাধারণ মানুষ আর্থিকভাবে চরম ভোগান্তিতে পড়তেন। রোগীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের উদ্যোগে হাসপাতালের ভেতরে নামমাত্র খরচে প্যাথলজি, আল্ট্রাসনোগ্রাফি ও এক্স-রে সেবা চালু রাখা হয়েছিল। এতে এলাকার অসংখ্য দরিদ্র ও অসহায় রোগী স্বল্প খরচে প্রয়োজনীয় পরীক্ষা করানোর সুযোগ পেয়ে উপকৃত হয়েছিলেন।
তবে সম্প্রতি সরকারি প্রতিষ্ঠানে সরকারি ব্যবস্থাপনার বাইরে এ ধরনের সেবা পরিচালনার বৈধতা নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল হাসপাতালে অভিযান চালায়। এরপর দুদকের নির্দেশনা ও সংশ্লিষ্ট আইনি জটিলতার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ সেবাগুলো বন্ধ করে দেয়।
হাসপাতালে এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাম সেবা চালু থাকাকালে এক্স-রে করতে খরচ হতো ২২০ থেকে ২৮০ টাকা এবং আল্ট্রাসনোগ্রাম করতে ১১০ থেকে ২২০ টাকা। বর্তমানে বেসরকারি প্রতিষ্ঠানে এক্স-রে করতে ৫৮০ থেকে ৬৮০ টাকা এবং আল্ট্রাসনোগ্রাম করতে ৮০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত ব্যয় করতে হচ্ছে। শুধু এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাম নয়, হাসপাতালের অন্যান্য পরীক্ষার খরচের সঙ্গেও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ফির মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। রোগী ও স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করতে খরচ হতো ৩০০ টাকা, বেসরকারি প্রতিষ্ঠানে প্রায় ১২০০ টাকা। প্লাটিলেট কাউন্ট পরীক্ষায় সরকারি হাসপাতালে ৫০ টাকা, বাইরে ৩০০ টাকা। সিবিসি পরীক্ষায় ১৫০ টাকার বিপরীতে বাইরে ৬০০ টাকা। গ্লুকোজ (আরবিএস) পরীক্ষায় ৬০ টাকার বিপরীতে বাইরে ১৫০ টাকা, এস ক্রিয়েটিনিন পরীক্ষায় ৫০ টাকার বিপরীতে বাইরে ৪০০ থেকে ৫০০ টাকা, লিপিড প্রোফাইলে ৩০০ টাকার বিপরীতে বাইরে ১২০০ টাকা এবং ইসিজিতে ৮০ টাকার বিপরীতে বেসরকারি প্রতিষ্ঠানে প্রায় ৫০০ টাকা খরচ করতে হয়।
এ ছাড়া এস কোলেস্টেরল পরীক্ষায় হাসপাতালে ৫০ টাকা, বাইরে ৪০০ টাকা; ইউরিক অ্যাসিড পরীক্ষায় ১০০ টাকার বিপরীতে বাইরে ৫০০ টাকা; এস বিলিরুবিন পরীক্ষায় ৬০ টাকার বিপরীতে বাইরে ৪০০ টাকা এবং এস ক্যালসিয়াম পরীক্ষায় ৮০ টাকার বিপরীতে বাইরে প্রায় ৫০০ টাকা দিতে হয়। অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ফির মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান রয়েছে বলে জানিয়েছেন রোগীরা।
এদিকে মাধবপুর উপজেলায় প্রায় ২৬টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। স্থানীয়দের অভিযোগ, এসবের বেশিরভাগ প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন নিয়ে প্রশ্ন রয়েছে। অথচ সরকারি হাসপাতালে স্বল্পমূল্যের পরীক্ষার সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় রোগীদের এসব প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হচ্ছে। অনেক রোগী প্রয়োজনীয় তথ্য না জানায় একশ্রেণির দালালের খপ্পরে পড়ে অতিরিক্ত টাকা খরচ করছেন বলেও অভিযোগ রয়েছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা তেলিয়াপাড়া গ্রামের মরিয়ম বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, "আগে হাসপাতালের ভেতরেই কম খরচে পরীক্ষা করাতে পারতাম। এখন সেগুলো বন্ধ থাকায় বাইরে গিয়ে কয়েক গুণ বেশি টাকা খরচ করতে হচ্ছে। অনেক সময় দালালদের খপ্পরেও পড়তে হয়। আমাদের মতো গরিব মানুষের জন্য চিকিৎসা নেওয়া এখন আরও কঠিন হয়ে গেছে।"
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমরুল হাসান জানান, সরকারি সীমিত বরাদ্দ ও প্রয়োজনীয় জনবলের অভাব সত্ত্বেও রোগীদের স্বার্থ বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মানবিক, সহজলভ্য ও সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিকল্প স্থানীয় ব্যবস্থাপনায় স্বল্পমূল্যে সেবাগুলো চালু রাখা হয়েছিল। এতে ব্যক্তিগত লাভ বা দুর্নীতির কোনো উদ্দেশ্য ছিল না। তবে দুদকের অভিযোগের পরিপ্রেক্ষিতে নিয়ম মেনে আপাতত সেবাগুলো বন্ধ রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সরকারি বরাদ্দ ও প্রয়োজনীয় জনবল পাওয়া গেলে পুনরায় সেবাগুলো চালুর উদ্যোগ নেওয়া হবে।
উল্লেখ্য, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুধু মাধবপুর উপজেলার বাসিন্দারাই নন, পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর ও বিজয়নগর উপজেলার অনেক রোগীও চিকিৎসাসেবা নিতে আসেন। ফলে হাসপাতালের পরীক্ষা-নিরীক্ষার সেবা বন্ধ থাকায় বৃহত্তর এলাকার নিম্ন আয়ের মানুষও ভোগান্তিতে পড়েছেন। সচেতন মহলের মতে, সরকারি হাসপাতালে স্বল্পমূল্যে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নিশ্চিত করা দরিদ্র মানুষের চিকিৎসার অধিকার ও জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই সেবার স্বচ্ছতা, জবাবদিহি ও সরকারি নিয়মকানুন নিশ্চিত করে দ্রুত এক্স-রে, আল্ট্রাসনোগ্রামসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সেবা চালুর উদ্যোগ নেওয়া জরুরি। পাশাপাশি উপজেলার বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর অনুমোদন, জনবল, যন্ত্রপাতি এবং পরীক্ষার ফি যথাযথভাবে তদারকির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন