প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করা হলো এক বিশেষ আয়োজনের মাধ্যমে। ৬২তম জন্মদিনের এই উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার সব শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ৬২ হাজার নিমগাছের চারা এবং বিশুদ্ধ পানি পান করার মগ বিতরণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে তার উদ্যোগে এই আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় মোকামতলা হাইস্কুল মাঠে এবং বেলা ১১টায় শিবগঞ্জ হাইস্কুল মাঠে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি পালন করা হয়। দুই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা এই আয়োজনে অংশগ্রহণ করেন। প্রায় ৫ হাজার শিক্ষার্থীর হাতে একটি করে নিমগাছের চারা ও বিশুদ্ধ পানি পান করার মগ তুলে দেওয়া হয়। এছাড়া আগামী রবিবার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাকি ৫৭ হাজার মগ ও নিমের চারা পৌঁছে দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বগুড়ার কৃতী সন্তানের জন্মদিনে আমরা শিক্ষার্থীদের হাতে তুলে দিলাম একটি করে বৃক্ষ ও বিশুদ্ধ পানি পান করার মগ। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে প্রত্যেকের বাড়িতে একটি করে গাছের চারা লাগানোর আহ্বান জানাচ্ছি। ভালো কাজের সঙ্গে থাকতে হবে, সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। পরিবেশ রক্ষা ও সুন্দর সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা চাই, আজকের শিক্ষার্থীরা শুধু একটি গাছের চারা গ্রহণ করবে না, বরং সেটির যত্ন নিয়ে বড় করার দায়িত্বও নেবে।
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন। তারা যে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে, সহিংসতার মাধ্যমে নিজেরাই তা প্রকাশ করেছে। সরকার এখনো সহনশীল আচরণ করছে। এটাকে দুর্বলতা ভাববেন না। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের মানুষকে নিরাপদ রাখতে যা যা প্রয়োজন, সরকার তা করবে। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় দুয়েকজন লাফালাফি করছে। সহিংসতা ও নাশকতায় জড়িতদের জায়গা হবে কারাগারে।
তিনি আরো বলেন, কোনো পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে পুনরুত্থান হতে দেওয়া যাবে না। তাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে। এ দেশের মানুষের শান্তি দরকার, উন্নয়ন দরকার। মানুষ সহিংসতা চায় না। দেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়। আমরা সেই পরিবেশ নিশ্চিত করতে চাই।
গোপালগঞ্জের সহিংসতার ঘটনা উল্লেখ করে মীর শাহে আলম বলেন, গোপালগঞ্জে দুটি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, তিনজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ট্রাকে আগুন দিয়ে চালককে হত্যা করা হয়েছে। এ ধরনের সহিংসতা করে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকারকে হটানো যাবে না। দেশের মানুষকে শান্তি ও অর্থনৈতিক মুক্তি দিতে যা যা করা দরকার, বিএনপি সরকার সবই করবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে গণমানুষের নেতা অভিহিত করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে নানা পরিকল্পনা করছেন। দেশের ক্রান্তিলগ্নে সবসময় জিয়া পরিবার এগিয়ে এসেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর বেগম খালেদা জিয়া, এরপর তারেক রহমান দেশের হাল ধরেছেন। তারা দেশের মানুষের কথা ভাবেন, দেশের জন্য দিনরাত কাজ করেন। বগুড়ার সন্তানকে নিয়ে আমাদের গর্ব হয়। তার পাশে থাকতে হবে, তাকে সমর্থন দিতে হবে। দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, সারাবছর খেলাধুলার সঙ্গে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত রাখতে প্রতি উপজেলায় ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। আমরা চাই, নতুন প্রজন্ম পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত থাকুক। সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই।
প্রতিমন্ত্রী বলেন, মোকামতলাসহ নতুন তিনটি পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী অনুশাসন জারি করেছেন। ডিজিটাল মাস্টারপ্ল্যানের মাধ্যমে এসব পৌরসভাকে পরিকল্পিতভাবে সাজানো হবে। নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, উন্নত যোগাযোগব্যবস্থা, পানি নিষ্কাশন ও আধুনিক নগরসেবা নিশ্চিত করার লক্ষ্যে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম নেওয়া হবে।
তিনি আরো জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার মোকামতলা হাইস্কুল মাঠে আসবেন। সেখানে তিনি মোকামতলা উপজেলা, থানা ও পৌরসভার উদ্বোধন করবেন। একই সফরে মোকামতলা-কালাই-জয়পুরহাট ও হিলি ছয় লেন সড়ক নির্মাণকাজেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন