প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অস্ট্রেলিয়ায় শৈশবে যৌন নির্যাতনের শিকার ও শিশু সুরক্ষার অধিকারকর্মী গ্রেস টেমকে নিয়ে ধর্ষণসংক্রান্ত কুরুচিপূর্ণ মন্তব্য করার কথা স্বীকার করেছেন দেশটির গণমাধ্যমের সাবেক নির্বাহী ম্যাট হ্যান্ডবেরি। তিনি মন্তব্য করেছিলেন যে পোশাকের কারণে টেম আবার ধর্ষণের শিকার হতে চাইছেন। পরে তিনি নিজের বক্তব্যের জন্য অনুশোচনা প্রকাশ করে ক্ষমা চেয়েছেন।
স্বাধীন সংবাদমাধ্যম ক্রিকিতে প্রকাশিত এক মতামতধর্মী নিবন্ধে টেম জানান, সম্প্রতি নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে ম্যাট হ্যান্ডবেরির কথা শুনতে পান। সেখানে এক বন্ধুর সঙ্গে কথা বলার সময় হ্যান্ডবেরি তাকে উদ্দেশ করে বলেন, পোশাকের ধরন দেখে মনে হচ্ছে, তিনি আবার ধর্ষণের শিকার হতে চান।
ঘটনাটি শুনে তাৎক্ষণিকভাবে টেম হ্যান্ডবেরির মুখোমুখি হন। পরে সন্ধ্যায় আবারও তার কাছে গিয়ে নিশ্চিত হতে চান, তিনি ঠিক কী শুনেছেন। টেম জানান, ওই মন্তব্যে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। অতীতের নির্যাতনের স্মৃতিও ফিরে আসে। ক্রিকিতে লেখা নিবন্ধে তিনি বলেন, তার পুরো শরীর আতঙ্ক ও অস্বস্তিতে কাঁপছিল এবং বমি হয়ে আসার মতো অনুভূতি হচ্ছিল।
তিনি আরও জানান, ঘটনাস্থলে উপস্থিত অনেকেই বিষয়টি দেখে ক্ষোভ প্রকাশ করেছিলেন। কিন্তু সেখানে অভিজ্ঞ অধিকারকর্মী, সাংবাদিক, আইনজীবী ও বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে কাজ করা ব্যক্তিরা উপস্থিত থাকলেও তাৎক্ষণিকভাবে হ্যান্ডবেরিকে প্রতিবাদ করে থামানোর উদ্যোগ নেননি কেউ।
৭৭ বছর বয়সী ম্যাট হ্যান্ডবেরি পরদিন ই-মেইলে গ্রেস টেমের কাছে ক্ষমা চান। বিবিসির হাতে আসা ওই ই-মেইলে তিনি নিজের মন্তব্যকে অত্যন্ত আপত্তিকর বলে স্বীকার করেন। হ্যান্ডবেরি লেখেন, টেমের পোশাক নিয়ে মন্তব্য করার পাশাপাশি তিনি বলেছিলেন, ‘তার নিশ্চয়ই আবার ধর্ষণের শিকার হওয়ার ইচ্ছা আছে।’
এমন মন্তব্য করার জন্য অনুশোচনা প্রকাশ করে তিনি বলেন, বিষয়টি নিয়ে তাকে সতর্ক করায় এবং নিজের চরিত্রের একটি ত্রুটি বুঝতে সাহায্য করায় টেমের প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি জানান, নিজের আচরণ নিয়ে মনোচিকিৎসকের সঙ্গেও আলোচনা করবেন।
তবে ক্ষমা চাওয়ার ই-মেইলেও টেমের পোশাকের প্রশংসা করেন হ্যান্ডবেরি। তিনি লেখেন, ওই রাতে টেমকে অসাধারণ সুন্দর দেখাচ্ছিল।
হ্যান্ডবেরি রুপার্ট মারডকের ভাতিজা। ১৯৯১ সালে চাচার কাছ থেকে ব্যবসাটি কেনার পর টানা ১৩ বছর মারডকের ম্যাগাজিন ব্যবসা পরিচালনা করেন। ২০০৪ সালে প্রতিষ্ঠানটি সেভেন নেটওয়ার্কের সহযোগী প্রতিষ্ঠান প্যাসিফিক পাবলিকেশন্সের কাছে বিক্রি করেন।
গ্রেস টেমের বয়স যখন ১৫ বছর, তখন ৫৮ বছর বয়সী তার গণিতের শিক্ষক নিকোলাস ওকার্ট বেস্টার তাকে যৌন নির্যাতন করেন। শিক্ষক তাকে প্রলুব্ধ করে নির্যাতনের শিকার করেন। ২০১১ সালে শিক্ষার্থী থাকাকালে টেমকে যৌন নির্যাতনের দায়ে বেস্টার দোষী সাব্যস্ত হন। এ ঘটনায় তার এক বছর নয় মাসের কারাদণ্ড হয়েছিল।
টেমের মতে, হ্যান্ডবেরির মন্তব্য আরও বেশি আপত্তিকর, কারণ এটি তার জীবনের বাস্তব ও আদালতে প্রমাণিত একটি ভয়াবহ অভিজ্ঞতাকে কেন্দ্র করে করা হয়েছে। এটি কোনো কাল্পনিক ক্ষতির বিষয় ছিল না।
তিনি প্রশ্ন তোলেন, এমন ভয়াবহ অভিজ্ঞতা ও স্মৃতি নতুন করে জাগিয়ে তোলার মধ্যে হাসির কী আছে?
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে টেম বলেন, এ ধরনের আচরণ তার দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। তিনি অন্যায়ের শিকার হওয়ার পাশাপাশি প্রতিবাদ করার কারণে আরও সমালোচনা ও হয়রানির মুখে পড়তে ক্লান্ত।
তার ভাষায়, ‘অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য যারা সমালোচনার শিকার হন, তাদের ওপরই বেশি আক্রমণ করা হয়। অথচ যারা অন্যায় করে, তাদের জবাবদিহির মুখোমুখি করা হয় না।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন